যে মানুষটা পায়না কিছুই
শূন্য পেটে জলভরা
তার বিসর্জন প্রতি মুহূর্তে
খিদেয় চাপা পরা।
যে মেয়েটি গরিব বলে
পড়াশোনার পাঠ চুকায়
বিয়ের বাজনা তার জীবনে
বিসর্জনের সুর শোনায়।
যে ছেলেটি বেকার যুবক
একলা থাকে ভাঙা ঘরে
তার বিসর্জন যায়না দেখা
নিঃশব্দে স্বপ্ন পোড়ে।
যে মানুষটি ব্যর্থ হয়ে
প্রতিরাতে বালিশ ভেজায়
তার বিসর্জন প্রতিদিনই
ভালোবাসা খোঁজার নেশায়।
সব বিসর্জন বাদ্যযন্ত্রে
মিষ্টি মুখে হয়না বরণ
বুকের মধ্যে গোপন থাকে
বহু বিসর্জনের ধরণ।