ব্যস্ত রাস্তায় সবাই যখন নিজের মনে খুঁটে যাচ্ছে জীবন
আয়নাটা
রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে
একাএকা।
সম্ভবত ওর দিকে কেউ ফিরেও চাইছে না,
আয়নাটা নজরে রাখছে সবকিছু, সবাইকেই।
ওর চোখে আলো পড়লেই ধাঁধিয়ে যাবে সবকিছু
তাই, যত্ন করে আলোকে বুকের মধ্যে নিয়ে
দেখে যাচ্ছে যাবতীয় আলোকিত কিছু
আলোর ভেতরে মুখ লুকিয়ে থাকা চাপবাধা অন্ধকার
আর অন্ধকারের মধ্যে মিশে থাকা আলোর উদ্ভাসকে।
আয়নাটা জানে,
ওকে একদিন ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।
যারা সত্যকে, আলোকে আর সুন্দরকে সহ্য করেনা
তারা ভয়ে আছে।
আয়নাটা হেঁটে যাচ্ছে
রাজপথ থেকে গলিপথ
দিনরাত --
খুঁজে ফিরছে কিছু মুখ -- অমলিন - মুখোশবিহীন
আয়নাটা হাঁটছে
নির্ভয়ে, নিশ্চিন্তে
ও জানে ওকে ভেঙে ফেলার মতো কেউ জন্মায়নি
যতোই ভাঙা হবে
যত টুকরো হবে
ততোই জন্ম নেবে নতুন নতুন আয়না
শয়েশয়ে, হাজারে হাজারে, লাখেলাখে
ওর শরীরের প্রত্যেকটা টুকরো জন্ম দেবে
একটা করে সম্পূর্ণ আয়নার।
পৃথিবীতে একমাত্র আয়নাই আছে
যে কখনই আদর্শহীন হয়ে জন্মায় না।