গাজামুখী ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ আটক: ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনে লঙ্ঘনের অভিযোগ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-০৩ ০৯:৩৬:৩০
image

গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক ত্রাণবাহী বহর 'গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’'র ৪৪৩ জন স্বেচ্ছাসেবীকে আন্তর্জাতিক জলসীমা থেকে জোরপূর্বক আটক করেছে ইসরায়েলি নৌবাহিনী—এমন অভিযোগ তুলেছে ফ্লোটিলা কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, বিশ্বের ৪৭টি দেশ থেকে আগত ডাক্তার, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী এমনকি ইউরোপীয় পার্লামেন্ট সদস্যরাও এ যাত্রায় অংশ নিয়েছিলেন।

ফ্লোটিলার ভাষ্যমতে, ইসরায়েলি বাহিনী আন্তর্জাতিক জলসীমায় প্রবেশ করে জলকামান ও দুর্গন্ধযুক্ত পানি ছিটিয়ে হামলা চালায়, এরপর জোর করে আরোহীদের নামিয়ে একটি সামরিক জাহাজে তুলে অজ্ঞাত বন্দরে নিয়ে যাওয়া হয়। সংগঠনটি এটিকে “আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের চরম লঙ্ঘন” এবং সরাসরি “যুদ্ধাপরাধ” হিসেবে আখ্যা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়, ইসরায়েল জাহাজগুলোর যোগাযোগ ব্যবস্থা ধ্বংস করেছে, ফলে বেশিরভাগ নৌযানের সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। অনেক জাহাজের অবস্থানও অনিশ্চিত রয়ে গেছে। আটক হওয়া জাহাজগুলোর মধ্যে রয়েছে—ফ্রি উইলি, ক্যাপ্টেন নিকোস, অল ইন, মর্গানা, ইউলার, আলমা, সিরিয়াসসহ একাধিক ইউরোপীয় জাহাজ।
এদিকে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া জাহাজগুলোর মধ্যে রয়েছে মিয়ামিয়া, মারিয়া, আদাজিও, আহেদ তামিমি, আমস্টারডাম, সেলভাগিয়া, ফেয়ার লেডিসহ অন্তত ১৮টি জাহাজ। ফরাসি পতাকাবাহী মিকেনো ফিলিস্তিনি জলসীমায় প্রবেশ করেছে বলে ধারণা করা হলেও, তার সঙ্গেও যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
আটকদের আইনি সহায়তায় কাজ করছে ইসরায়েলভিত্তিক মানবাধিকার সংগঠন আদালাহ। তবে এখন পর্যন্ত তাঁদের সুনির্দিষ্ট অবস্থান বা আশদোদ বন্দরে নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
ফ্লোটিলা কর্তৃপক্ষ বিশ্ব সম্প্রদায়কে এ ঘটনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেছে-ইসরায়েলের দমননীতি আমাদের মানবিক মিশন থেকে সরাতে পারবে না। গাজার জন্য আমাদের প্রচেষ্টা চলবেই।

কীওয়ার্ডস:গ্লোবাল সুমুদ,ফ্লোটিলা আটক,গাজা ত্রাণ,ইসরায়েলি নৌবাহিনী,মানবাধিকার লঙ্ঘন