টানা ৫দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী,নাটোর থেকে ঢাকাসহ দুরপাল্লার বাস চলাচল ফের শুরু

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-৩০ ২০:৩৯:১৫
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাস শ্রমিকদের (চালক,সহকারী ও সুপারভাইজার) বেতন ও সুবিধাদি বৃদ্ধিকে কেন্দ্র করে মালিক ও বাস শ্রমিকদের দ্বন্দের জেরে চলতি সেপ্টেম্বর মাসেই তৃতীয়  দফায় টানা পাঁচদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর থেকে একযোগে ঢাকাসহ দুরপাল্লার বিভিন্ন রুটে  বাস চলাচল মঙ্গলবার(৩০ সেপ্টেম্বর) বিকাল থেকে পূণরায়  শুরু হয়েছে। গত বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টা থেকে বাস বন্ধ ছিল। জানা গেছে, মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল  সাড়ে ৪টা পর্যন্ত  রাজশাহীতে শ্রমিকদের নিজেদের  মধ্য আলোচনায় পূণরায়  বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়।
এর আগে গত সোমবার(২৯সেপ্টেম্বর) বিকালে বাস চালুর ব্যাপারে ঢাকায়  মালিক ও শ্রমিক বৈঠকে সমঝোতা হয়ে বাস চালু হলেও রাজশাহীর শ্রমিকরা সমঝোতা না  মানায় ৩ ঘন্টা চলার পর  আবারও বাস চলাচল বন্ধ হয়ে যায়।  তবে এই ৫ দিন বন্ধের মধ্যে ২/১টি পরিবহন চলেছে।
বারবার এভাবে বাস বন্ধে এমনকি রওনা হওয়া বাস ঘুরে আসায় যাত্রীদের শুধু ভোগান্তি হয়নি, তাঁদের মধ্যে সৃষ্টি হয়েছে ক্ষোভ। শুধু সেপ্টেম্বরেই বাস বন্ধ থেকেছে ৯ দিন।
মঙ্গলবার রাত ৮টায় চাঁপাইনবাবগঞ্জ ঢাকা বাসস্ট্যান্ডের দেশ ট্রাভেলস এর কাউন্টার ম্যানেজার  শরিফুল ইসলাম বলেন, বাস চলাচল স্বাভাবিক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, সেপ্টেম্বরের ৮ ও ৯ তারিখে প্রথম দফায় টানা দু’দিন,২২ ও ২৩ সেপ্টেম্বর টানা দু’দিন শ্রমিকরা বাস বন্ধ করে।  ঢাকায় মালিক ও শ্রমিক বৈঠকে তাদের বেতন,ভাতা  বৃদ্ধির পর ২৩ সেপ্টেম্বর বিকাল থেকেই বাস চালু হয়।  কিন্তু গত ২৫ সেপ্টেম্বর রাত থেকে মালিকরা বাস বন্ধ করে।  আবার ঢাকায় গত ২৯ সেপ্টেম্বর বৈঠকে  আবারও মালিক-শ্রমিক সমঝোতা হয়। সে অনুযায়ী ওইদিন বিকালে বাস চালু হলেও মাত্র ৩ ঘন্টাপর সন্ধ্যায় রাজশাহীতে সমঝোতা  নিয়ে শ্রমিক অসন্তোষে আবারও বাস বন্ধ করে শ্রমিকরা। মঙ্গলবার আবারও  তিন জেলার শ্রমিকরা রাজশাহীতে বসে বিকাল থেকে বাস চালু হয়।
মঙ্গলবার রাত ৮টায় রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, তিন জেলা থেকে একযোগে বন্ধ হওয়া বাস আবারও চলছে। নাটোর শ্যামলী কাউন্টার ম্যানেজার সাহাজুল আলম বলেন, সকল বাস চলছে।