ভারতে শুরু নারী ওয়ানডে বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে ভারত-শ্রীলঙ্কা মুখোমুখি

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-৩০ ০৯:৩০:১৩
image

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের পর্দা উঠছে আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর)। উদ্বোধনী ম্যাচে ভারতের গৌহাটিতে মুখোমুখি হবে স্বাগতিক ভারত ও সহ-আয়োজক শ্রীলঙ্কা। বাংলাদেশ সময় বিকেল ৩টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
বিশ্বকাপটি এবার অনুষ্ঠিত হচ্ছে হাইব্রিড মডেলে। মূল আয়োজক ভারত হলেও পাকিস্তান নিজেদের ম্যাচগুলো খেলবে শ্রীলঙ্কার কলম্বোতে, রাজনৈতিক কারণে ভারতের মাটিতে খেলতে অস্বীকৃতি জানানোর পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এবারের আসরে মোট আটটি দল অংশ নিচ্ছে। সরাসরি খেলার সুযোগ পেয়েছে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। বাছাই পর্ব শেষে জায়গা করে নিয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে খেলতে নামছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
টুর্নামেন্টে লিগ পর্বসহ মোট ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে একবার করে খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল খেলবে সেমিফাইনাল। ২৬ অক্টোবর লিগ পর্ব শেষে ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, আর ফাইনাল হবে ২ নভেম্বর।
বিশ্বকাপের ভেন্যুগুলো হলো ভারতের গৌহাটি, ইন্দোর, নাভি মুম্বাই, বিশাখাপত্তম এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বো।
বাংলাদেশ নারী দলের লক্ষ্য এবার প্রথমবারের মতো সেমিফাইনালে খেলা। ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা, টাইগ্রেসরা বিশ্বমঞ্চে আরও চমক দেখাবে।

কীওয়ার্ডস:নারী বিশ্বকাপ ২০২৫,ভারত বনাম শ্রীলঙ্কা,বাংলাদেশ নারী দল,হাইব্রিড বিশ্বকাপ,গৌহাটি উদ্বোধনী ম্যাচ