টানা ৪দিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাসহ দুরপাল্লার বাস চলাচল শুরুর ৩ ঘন্টা পর ফের বন্ধ

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৯ ২০:১০:২৮
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাস শ্রমিকদের (চালক,সহকারী ও সুপারভাইজার) বেতন ও সুবিধাদি বৃদ্ধিকে কেন্দ্র করে মালিক ও বাস শ্রমিকদের দ্বন্দের জেরে চলতি সেপ্টেম্বর মাসেই তৃতীয়  দফায় টানা চারদিন বন্ধের পর চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর থেকে একযোগে ঢাকাসহ দুরপাল্লার বিভিন্ন রুটে  বাস চলাচল সোমবার(২৯ সেপ্টেম্বর) বিকাল থেকে পূণরায় চালুর ৩ ঘন্টা পর ফের বন্ধ হয়ে গেছে। গত বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯ঠা থেকে বাস বন্ধ ছিল। জানা গেছে, সোমবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঢাকায় মলিক ও শ্রমিক আলোচনায় পূণরায়  বাস চলাচল শুরুর সিদ্ধান্ত হয়। কিন্তু রাজশাহীর শ্রমিকরা সমঝোতা না মেনে চলাচল শুরুকারী কোচের শ্রমিকদেও মারধর করলে আবারও চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস চলাচল বন্ধ  হয়ে যায়। রাত সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্র্যন্ত গাড়ী বন্ধ ছিল। তবে বরাবরের মত ২/১টি ছোট পরিবহন চলছে।
চাঁপাইনবাবগঞ্জ ঢাকা বাসস্ট্যান্ডের দেশ ট্রাভেলস এর কাউন্টার ম্যানেজার  শরিফুল ইসলাম বলেন, বিকালে চালুর পর রাজশাহীতে শ্রমিক মারধরের কারণে সন্ধ্যা থেকে আবারও বাস চলাচল বন্ধ হয়ে গেছে।  নতুন এই সমস্যা সমাধানের ব্যাপারেও কিছু বলতে পারেন নি তিনি। চাঁপাইনবাবগঞ্জে কোন সমস্যা নাই বলেও জানান  শরিফুল।
গ্রামীন ট্রাভেলস এর জিএম আসাদুজ্জমান ছানা বলেন, রাজশাহীতে শ্রমিকদের মারধর করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে যাওয়া যাত্রী বোঝাই বাসগুলোকে রাজশাহী থেকে ফেরৎ  আনা হয়েছে। যাত্রীরা চরম দূর্ভোগে পড়েছেন। চাঁপাইনবাবগঞ্জে কোন সমস্যা না  থাকলেও  রাজশাহীতে মারধরের কারণে বাধ্য হয়ে বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। রাজশাহীর শ্রমিকরা  সমঝোতা মানছেন না। ফলে এই অবস্থার সৃষ্টি হয়েছে। এর মাঝে রাজশাহীর উপর দিয়ে বাস চালানো সম্ভব নয়। রাজশাহীতে শ্রমিক মারধরে উদ্বেগ প্রকাশ করেন তিনি।
ঢাকায় অবস্থানরত চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন, ঢাকায় বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স এসোসিয়েসন চেয়ারম্যান রমেশ ঘোষ(শ্যামলী), ভাইস চেয়ারম্যান বজলুর রহমান রতন(দেশ),বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি দুদু বক্স,সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সহ চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর এই  তিন জেলার শ্রমিক নেতারা সমঝোতা করে বিকাল থেকে বাস চালু করেন। কিন্তু  সন্ধ্যা থেকে চাঁপাইনবাবগঞ্জের বাস রাজশাহী হয়ে যেতে দেয়া হচ্ছে না। তিন জেলার  শ্রমিক নেতারা ঢাকায় রয়েছেন এবং আবার আলোচনায় বসেছেন বলেও জানান তিনি।