সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-২৯ ১০:০১:১৪
image

সাবেক শিল্পমন্ত্রী ও একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আর নেই। তিনি সোমবার সকাল ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ছেলে মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী।
রবিবার অসুস্থ হয়ে পড়লে তাকে কারাগার থেকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
ফেসবুক পোস্টে বাবার মৃত্যুর খবর জানিয়ে সাদী লিখেছেন— *“আমার বাবা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন।”*
গত বছরের ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে তাকে র‍্যাব গ্রেপ্তার করে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদীর মাধবদীতে হামলা, হত্যা ও ভাঙচুর মামলায় তিনি গ্রেপ্তার হন। এরপর আদালতের আদেশে কারাগারে পাঠানো হয়।
রাজনীতিতে দীর্ঘ সময় সক্রিয় থাকা নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রথমবার ১৯৮৬ সালে নরসিংদী-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে আওয়ামী লীগের প্রার্থী হয়ে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং ২০২৪ সালে টানা নির্বাচিত হন। তিনি ২০১৯ সালে শিল্পমন্ত্রীর দায়িত্ব নেন এবং ২০২৪ সালে দ্বিতীয়বার একই মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

কীওয়ার্ডসঃনূরুল মজিদ মাহমুদ হুমায়ুন মৃত্যু,সাবেক শিল্পমন্ত্রী,নরসিংদী-৪ আসন,ঢাকা মেডিকেল,আওয়ামী লীগ নেতা