তৃতীয় দফায় তৃতীয় দিনের মত চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর থেকে ঢাকাসহ দুরপাল্লার বাস বন্ধ,কাল আলোচনা

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৮ ২০:৫৫:৩৩
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাস শ্রমিকদের বেতন,ভাতাকে কেন্দ্র করে মালিক ও বাস শ্রমিকদের দ্বন্দের জেরে তৃতীয়  দফায় তৃতীয় দিনের মত চাঁপাইনবাবগঞ্জ,রাজশাহী ও নাটোর থেকে একযোগে ঢাকাসহ দুরপাল্লার বিভিন্ন রুটে  বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে রোববারও (২৭ সেপ্টেম্বর)  রাজশাহী  অঞ্চলের এই তিন জেলা থেকে টানা  তৃতীয় দিনের মত চলাচল করে নি বাস।  তবেএকটি ২/১টি কোম্পানীর বাস চলছে বলে সরেজমিনে  চাঁপাইনবাবগঞ্জের ঢাকা বাসস্ট্যান্ড ঘুরে ও শ্রমিক সুত্রে  নিশ্চিত  হওয়া গেছে।  
প্রথম দফায় গত ৮ ও ৯ সেপ্টেম্বর,দ্বিতীয় দফায় গত ২২ ও ২৩ সেপ্টেম্বর দাবী আদায়ে শ্রমিকরা বাস চলাচল বন্ধ  করে দিলেও এবার তৃতীয় দফায় মালিকরা  বাস বন্ধ করেছেন বলে উভয় সূত্রে নিশ্চিত হওয়া গেছে। এখন কবে এই অচলাবস্থা কাটবে  সে ব্যাপারে  নিশ্চিত কিছু জানা না গেলেও সোমবার(২৯ সেপ্টেম্বর) ঢাকায় মালিক ও শ্রমিক আলোচনা ডাকা হয়েছে।
জানা গেছে,দ্বিতীয় দফায় টানা দু’দিন  বন্ধের পর ঢাকায় মলিক ও শ্রমিকদের সমঝোতায় গত মঙ্গলবার(২৩সেপ্টেম্বর) বিকাল থেকে রাজশাহী অঞ্চলের তিন জেলা থেকে বাস চলাচল পূণরায় শুরু হয়। তবে মাত্র দু’দিন চলার পর  সমঝোতায় বর্ধিত বেতন চালু না হতেই গত বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর)  রাত সাড়ে ৯টা থেকে  আবারও জেলাগুলো থেকে বাস চলাচল  আবরও বন্ধ হয়ে যায়। গত বৃহস্পতিবার থেকেই বর্ধিত কাঠামোর বেতন,ভাতা চালু হবার কথা ছিল।  যা  শ্রমিকরা  হাতে পান নি।
এদিকে বারবার বাসবন্ধে আবারও দূর্ভোগে পড়েছেন যাত্রীরা। পুজার সময় আচমকা এমন বন্ধে  পূর্বে থেকে টিকেট কেটে অনেকেই বাসষ্ট্যান্ডে এসে  যাচ্ছেন  বা বিকল্প উপায়ে গন্তব্যে যাচ্ছেন।  
বাস বন্ধের ব্যাপারে গ্রামীন ট্রাভেলস এর এমডি ও বাংলাদেশ বাস ও ট্রাক ওনার্স এসোসিয়েশন সদস্য আব্দুর রাকিব বলেন, সোমবার(২৯ সেপ্টেম্বর) ঢাকায় এ ব্যাপারে তিন জেলার শ্রমিক নেতৃবৃন্দের সাথে মালিকপক্ষের আলোচনা ডাকা হয়েছে। সভায়  বাস চালুর চেষ্টা করা হবে। রোববার এ সমস্যা সমাধানে মালিকদের নিজেদের মধ্যে আলোচনা হয়েছে।  
চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি সাইদুর রহমান বলেন,  সোমবার(২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকায় আলোচনার কথা হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন থেকে তিন জেলার শ্রমিক নেতৃবৃন্দকে ডাকা হয়েছে। সভায় আবারও সমঝোতা করে বাস চালুর চেষ্টা করা হবে। সভায় মালিকপক্ষের বক্তব্যও বিবেচনা করা হবে। রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি বলেন, এ সমস্যার সাথে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি,বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন এবং বাংলাদেশ বাস ও ট্রাক ওনার্স এসোসিয়েশন জড়িত। এবার বাস শ্রমিকরা বন্ধ করেননি। মারিকরা করেছেন। এখন সোমবার  ঢাকায়  আলোচনায় ডাকা হয়েছে। নাটোর মোটর শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বলেন, আলোচনা করেই দ্রæত সমস্যার সমাধান করতে হবে।