ভারতের দক্ষিণী রাজ্য তামিলনাড়ুতে জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে) সভাপতি থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে ভয়াবহ পদদলিতের ঘটনা ঘটেছে। করুর জেলায় শনিবার আয়োজিত ওই সমাবেশে প্রাণ হারিয়েছেন কমপক্ষে **৩১ জন**।
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়াম নিশ্চিত করেছেন, নিহতদের মধ্যে রয়েছেন **৬ শিশু, ১৬ নারী ও ৯ জন পুরুষ**। আহতদের দ্রুত করুর মেডিকেল কলেজ হাসপাতালসহ নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চোখের সামনে মর্মান্তিক দৃশ্য দেখেছেন করুর মেডিকেল কলেজ হাসপাতালের ডিন আর. শান্তিমালা। তিনি জানান, হাসপাতালে একের পর এক অ্যাম্বুলেন্স রোগী নিয়ে আসছে। ইতোমধ্যে সাতজন প্রাপ্তবয়স্ক ও তিন শিশুর মৃত্যু নিশ্চিত হয়েছে। তবে সংখ্যাটি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়ের সফর উপলক্ষে বিশাল ভিড় জমে যায়। সমাবেশ চলাকালে হঠাৎ ভিড়ের মধ্যে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে আতঙ্ক ছড়িয়ে পড়ে, যা পরিণত হয় ভয়াবহ পদদলনে।
ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের রাজনৈতিক নেতারা। নিহতদের পরিবারকে সবধরনের সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন।
কীওয়ার্ডসঃথালাপতি বিজয়,তামিলনাড়ু দুর্ঘটনা,করুর সমাবেশ,পদদলিত মৃত্যু,টিভিকে