যুক্তরাষ্ট্রে জেনারেল-অ্যাডমিরালদের নিয়ে জরুরি বৈঠক ডাকলেন প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-২৬ ০৯:৫৭:৩০
image

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ যুক্তরাষ্ট্রের শীর্ষ জেনারেল ও অ্যাডমিরালদের নিয়ে আগামী সপ্তাহে ভার্জিনিয়ায় জরুরি বৈঠক আহ্বান করেছেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন। তবে বৈঠকের সুনির্দিষ্ট এজেন্ডা প্রকাশ করা হয়নি।
জাতীয় নিরাপত্তা–সংশ্লিষ্ট দায়িত্বে থাকা এত উচ্চপদস্থ কর্মকর্তাদের হঠাৎ তলবকে কেন্দ্র করে ওয়াশিংটনে আলোচনা শুরু হয়েছে। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টিকে গুরুত্বহীনভাবে দেখার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের বলেন, “এটা বড় কোনো ব্যাপার নয়। জেনারেল আর অ্যাডমিরালদের সঙ্গে সুসম্পর্ক রাখা তো ভালোই। আমি শান্তির প্রেসিডেন্ট, আর সুসম্পর্ক ক্ষতি করে না।”
প্রতিরক্ষামন্ত্রী পার্নেল সাংবাদিকদের শুধু জানান, আগামী সপ্তাহের শুরুতে হেগসেথ শীর্ষ সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখবেন। তিনি আর কোনো তথ্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান।
মার্কিন সেনাবাহিনীতে প্রায় ৮০০ জেনারেল ও অ্যাডমিরাল রয়েছেন, যাদের অনেকে বিদেশি ঘাঁটিতে সংবেদনশীল দায়িত্বে নিয়োজিত। সাধারণত এ ধরনের কর্মকর্তাদের সময়সূচি অনেক আগেই নির্ধারিত হয়। ফলে হঠাৎ করে ডাকা এ বৈঠক তাদের মধ্যে নতুন প্রশ্ন তুলেছে। এক সামরিক কর্মকর্তা রয়টার্সকে বলেন, “এখন সবাই সময়সূচি বদলাতে হিমশিম খাচ্ছেন এবং ভাবছেন অংশগ্রহণ বাধ্যতামূলক কি না।”
হোয়াইট হাউজে এক অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প বৈঠকটিকে স্বাগত জানিয়ে বলেন, “আমি এটা পছন্দ করি। আমার কাছে দারুণ মনে হচ্ছে। শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সব সময়ই ভালো।”

কীওয়ার্ডসঃযুক্তরাষ্ট্র প্রতিরক্ষা বৈঠক,পিট হেগসেথ,মার্কিন সামরিক কর্মকর্তা,ডোনাল্ড ট্রাম্প,পেন্টাগন