চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপি নেতার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-২৬ ০৯:৪৮:০৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের  গোমস্তাপুর উপজেলা থেকে  বিলকিস আরা (৩৬) নামে  দুই শিশু সন্তানের জননী এক গৃহবধুর গলায় ওড়নার ফাঁস দেয়া ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি  গোমস্তাপুর সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কাশীপুর গ্রামের আব্দুল গনি হামিদের স্ত্রী। গনি হামিদ জেলা বিএনপির  সদস্য এবং গোমস্তাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক। গনি হামিদের পিতা আশরাফ হোসেন আলিম  গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপির সাবেক নেতা।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বৃহস্পতিবার(২৫ সেপ্টেম্বর) বিকাল ৩টার দিকে স্বামীগৃহের দ্বিতীয় তলার নিজ শয়নকক্ষে দরজা ভেতর থেকে আটকিয়ে  সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দেন বিলকিস। এ সময় তাঁর তিন ও দেড় বছরের শিশু দুটি পাশের ঘরে ছিল। স্বামী নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। বাড়িতে এক পরিচারিকা ছাড়া কেউ ছিল না।  শিশুদের খাবার দিতে দোতলায় এসে পরিচারিকা বিলকিসের ঘর ধাক্কাধাকি করলে দরজা একপর্য়ায়ে খুলে যায়। পরিচারিকা  এ সময় অপর একজন কাজের লোককে  ডেকে  বিলকিসকে নামায়। এরপর চিকিৎসককে খবর দেয়া হলে তিনি এসে চিকিৎসা শুরুর পরপরই বিলকিস মারা যান।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ওয়াদুদ আলম বলেন, প্রাথমিক তদন্তে বিলকিস আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর মানসিক কিছু সমস্যার  বিষয়ে জানা গেছে। এটি তাঁর দ্বিতীয় বিয়ে। তিনি রাজশাহী মহানগরের তেরখাদিয়া এলাকার মৃত শফিকুল ইসলামের মেয়ে। গত বুধবার(২৪ সেপ্টেম্বর)  তাঁর বাবার বাড়ি যাবার কথা ছিল।  সেদিন যাওয়া না হলে বৃহস্পতিবার  তিনি যাবার জন্য  শিশুদের নিয়ে প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছিলেন।  কিন্তু স্বামী ফিরতে দেরী করার এক পর্যায়ে তিনি ফাঁস দেন। ওসি আরও বলেন, ঘটনার পর তাঁর বড় বোন জেসমিন আরা ও স্বজনরা গোমস্তাপুরে আসেন। উর্ধতণ পুলিশ কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন। দুই পরিবারের কোন আপত্তি না থাকায় আবেদনের প্রেক্ষিতে  সুরুৎহাল রিপোর্ট শেষে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই  সন্ধ্যায় পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মামলার তদন্ত চলছে।