আগামীকাল রাজধানীতে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক অনুষ্ঠান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে

  • সিজুল ইসলাম
  • ২০২৫-০৯-২৫ ২২:২৮:২০
image

২৬ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আয়োজনে ঢাকার পরিবাগে অবস্থিত সংস্কৃতি বিকাশ কেন্দ্রে বিকেল ৪ টা থেকে রাত ১০ টা পর্যন্ত স্মৃতির হাত ধরে বগুড়া থিয়েটারের আলোয় স্লোগানে “নাট্য সূত্রে বাঁধা” শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংগঠনের পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের প্রথমে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হবে। এরপর সম্প্রতি বগুড়ার সাংস্কৃতিক অঙ্গনের প্রয়াত ও লালন সংগীত শিল্পী ফরিদা পারভীন এর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হবে। উপস্থিত অতিথিরা ভাঁজপত্র মোড়ক উন্মোচন ও বিতরণ করা হবে।
এরপর সংগঠনের পক্ষ থেকে সদস্য সচিব ফজলুল হক সাকী স্বাগত বক্তব্য রাখবেন। অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি মন্ডলীর সদস্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. লুৎফর রহমান লেবু।
সূচনা নৃত্য পরিবেশন করবেন ঐশী রায় ও তাঁর দল। শিকড়ের গান পরিবেশন  করবেন  জুলফিকার হুসাইন সোহাগ, ম্যাক আপেল। কাওয়ালী ও নাটকের গান পরিবেশন করেন অলক পাল, সোবহানী বাপ্পী, বায়োজিদ নিবির, সানাউর রহমান, রবিউল করিম।
এরপর সুর ও লহরী নিয়ে হাজির হবেন বিশিষ্ট তবলা বাদক পৌষরাম সরকার ও বংশীবাদক নির্ঝর অধিকারী। কবিতা আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তিশিল্পী শান্ত মাহমুদ।
এরপর বগুড়া থিয়েটারের সাড়া জাগানো তিনটি নাটকের অংশবিশেষ মঞ্চায়িত হবে। তৌফিক হাসান ময়না রচিত নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু নির্দেশিত “কথা পু-্রবর্ধন” নাটকের অংশবিশেষ পরিবেশন করবেন নাট্যকর্মী রুবল লোদী, সোমা ফারহা মুমু, লেলিন ফিরোজী ও মাহিন মোহন্ত। ২২ বছর পর দুই বাংলার প্রশংসিত নাটকটির জন্য মঞ্চে দাঁড়াতে পারায় আপ্লুত বগুড়া থিয়েটারের অভিনয়শিল্পীরা। তৌফিক হাসান ময়নার রচনা ও নির্দেশনায় “দ্রোহ” নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করবেন অলক পাল ও দীপাবলী মুখার্জী। বাংলাদেশ গ্রাম থিয়েটারের স্বপ্নদ্রষ্টা নাট্যাচার্য ড. সেলিম আল দীন রচিত ও তৌফিক হাসান ময়না নির্দেশনা এবং জুলফিকার হুসাইন সোহাগ এর সহর্নিদেশনায় “কিত্তনখোলা” নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করবেন নজরুল ইসলাম জনি, হান্নান শাহ্, মামুনুর রশিদ নিলয়। সবশেষে তৌফিক হাসান ময়না রচিত ও সাইদুর রহমান লিপন নির্দেশিত “কৈবর্ত বিদ্রোহ” নাটকের অংশবিশেষ মঞ্চায়ন করবেন রুবল লোদী, জুলফিকার হোসাইন সোহাগ ও মাহমুদুল হাসান মিথেন।
নাটক মঞ্চায়ন শেষে আগুনের খেলা প্রদর্শন করবেন ফজলুল হক সাকী ও তাঁর দল। এরপর র‌্যাফেল ড্র এবং সমাপনী কথন। সমাপনী কথনের পূর্বে বগুড়া থিয়েটার পরিবার ঢাকার অভিষেক শেষে উক্ত আয়োজনের সাথে সম্পৃক্ত এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করবেন বগুড়া থিয়েটার পরিবার ঢাকার আহবায়ক জুলফিকার হুসাইন সোহাগ। 
এই মিলনমেলায় ঢাকায় অবস্থিত বগুড়া থিয়েটার ও এর ভ্রাতৃপ্রতিম সংগঠন কলেজ থিয়েটার, লিটল থিয়েটার ও ভোর হলো বগুড়ার অগ্রজ এবং অনুজ নাট্যকর্মী ও তাঁদের পরিবার পরিজনরা উপস্থিত থাকবেন।
আয়োজকদের পক্ষ থেকে থিয়েটার পরিবারের শুভানুধ্যায়ী সকলকে আমন্ত্রণ।