অ র্চ না মা লা কা র

  • অনেক কথা
  • ২০২৫-০৯-২৫ ১০:৫৪:৩৩
image

কতদিন পর দেখা ! হবে হয়তো যুগ তিনেক
কত কথা জমা মনে, থাক না, সব তো যায় না বলা। 
ঠিক তেমনি আছো আগের মতোই, বদলাওনি একটুও।

কই বদলে তো গেছিই -- বয়স ছয়ের দশক পার 
চুলে ধরেছে পাক, যদিও এখন চুল তো আর বয়সে পাকে না, 
শরীরের হাড়-হাড্ডি নড়বড়ে, হাঁটু-কোমরে ব্যথা
গোড়ালি, হাতের কজ্বি, ঘাড়ে --- সর্বাঙ্গেই ব্যথা
বলতে পারো ব্যথার রাজ্যেই বসত করি। 
মনের জোরে চলে বেড়ায় -- পুরনো অভ্যাস তো পরিবর্তন করতে পারি না।
 
সেই যে কাঠের বড়ো চেয়ারটা যায়গা জুড়ে থাকতো
আজ তার কদরটা বেড়ে গেছে
কাজের ফাঁকে ফাঁকে বিশ্রাম নেই ওখানেই। 
লেখালেখি ? 
আগের মতো হয় না -- এখন তো কাগজ-কলমের মিতালি তেমন নেই, 
তারপরও কলম ধরতে কষ্ট হয়, হাত কাঁপে। 
ডিজিটাল যুগ মোবাইলের বাটন চাপতে
রগে টান ধরে, আঙুল বাঁকা হয়ে যায়, 
কবিতাও তেমন আসে না, আবার মনে আসলেও প্রকাশ করতে পারি না।

পাতাগুলো বিবর্ণ হয়তো ঝরার দিন ঘনিয়ে আসছে,
তবে পাত্তা দিই না কাউকেই। 
পরিচিত মহলে দেখা হলেই বলে, পরিবর্তন নেই একই রকম আছি
কেবল মায়ের চোখেই রোগা হয়ে গেছি। 
কথা শেষ হয় না , শেষ হয়ে যায় জোছনা ঝরা রাত,
সোনালি রোদ ঝলমল করে শিউলি তলায়। 
অলসতা কাটিয়ে পা বাড়ায় নিত্যকার কাজে।
তারপর ---
সে অনেক কথা, জমা থাক একান্ত আপনার হয়ে।