ইন্তেকাল করলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়খ আবদুল আজিজ আল-শায়খ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-২৪ ১১:১১:০৫
image

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও সিনিয়র ওলামা পরিষদের চেয়ারম্যান শায়খ আবদুল আজিজ আল-শায়খ ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রয়্যাল কোর্টের এক বিবৃতিতে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সৌদি রাষ্ট্রীয় টেলিভিশন *আল-ইখবারিয়া*। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান শায়খ আল-শায়খের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। তারা একে মুসলিম বিশ্বের জন্য এক অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন।
রয়্যাল কোর্টের বিবৃতিতে বলা হয়, শায়খ আবদুল আজিজ ইসলামের খেদমতে তার অমূল্য অবদান রেখে গেছেন। রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে আজই তার জানাজা অনুষ্ঠিত হবে। পাশাপাশি বাদ আসরের পর মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববীসহ সৌদি আরবের সব মসজিদে গায়েবানা জানাজা আদায় করার নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান।
শায়খ আবদুল আজিজ ১৯৯৯ সালে সৌদি আরবের গ্র্যান্ড মুফতি নিযুক্ত হন। এর আগে তিনি দীর্ঘ ৩৫ বছর হজের খুতবা প্রদান করেন এবং ২০১৬ সালে বার্ধক্যজনিত কারণে অবসর নেন। তিনি সিনিয়র ওলামা পরিষদ, ইসলামী গবেষণা ও ইফতা বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রী পর্যায়ের পদ মর্যাদায় দায়িত্ব পালন করেছিলেন। শায়খ মুহাম্মদ বিন ইবরাহিম আল-শায়খ ও শায়খ আবদুল আজিজ বিন বাযের পর তিনি ছিলেন সৌদি আরবের তৃতীয় গ্র্যান্ড মুফতি।

কীওয়ার্ডস:সৌদি গ্র্যান্ড মুফতি,শায়খ আবদুল আজিজ মৃত্যু,মুসলিম বিশ্বের শোক