জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ইউনূস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-২২ ০৯:৫৮:৩৮
image

জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন দেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের একটি প্রতিনিধি দল।
রোববার দিবাগত রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিনিধি দলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, তাসনিম জারা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও রয়েছেন।
প্রধান উপদেষ্টা ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন বলে জানা গেছে। ভাষণে তিনি অন্তর্বর্তী সরকারের সংস্কার, ২০২৪ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট এবং ২০২৬ সালের নিরপেক্ষ নির্বাচন আয়োজনের অঙ্গীকার তুলে ধরবেন।
এছাড়া তার সফরসূচিতে রয়েছে জাতিসংঘ মহাসচিব, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক। বিশেষ গুরুত্ব পাচ্ছে রোহিঙ্গা সংকট নিয়ে ৩০ সেপ্টেম্বরের উচ্চপর্যায়ের বৈঠক, যা প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
অধ্যাপক ইউনূস শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অবৈধ অর্থপাচার ও ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠাসহ নানা বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন। তিনি ২ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

কীওয়ার্ডস: ইউনূস জাতিসংঘ সফর,ইউএনজিএ বাংলাদেশ,রোহিঙ্গা সংকট,অন্তর্বর্তী সরকার,নিউইয়র্ক সফর