চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মানিক মিয়া এভিনিউতে আত্মপ্রকাশ করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে মাত্র সাত মাসের মাথায় দলটির শীর্ষ নেতৃত্ব এককভাবে রাজনীতি না করে বৃহত্তর ঐক্যের পথে হাঁটার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে এনসিপি ও গণঅধিকার পরিষদের মধ্যে অনানুষ্ঠানিক আলোচনার সূচনা হয়েছে।
গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান নিশ্চিত করেছেন, দুই দলের আলোচনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। তার মতে, কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানে তরুণ নেতৃত্বের ভূমিকা প্রমাণ করেছে তাদের রাজনৈতিক সম্ভাবনা। তিনি বলেন, “দেশের মানুষ এখন তরুণ নেতৃত্বে আস্থা রাখতে প্রস্তুত। ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা রাজপথে ছিলেন, তাদের ঐক্যবদ্ধ হলে একটি শক্তিশালী বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে উঠবে।”
এনসিপি নেতা সারজিস আলম জানান, পদ বণ্টনকে কেন্দ্র করে জটিলতা তৈরি হতে পারে। কারণ বিভিন্ন দলে শীর্ষ পদে থাকার আকাঙ্ক্ষা প্রবল। তবে তিনি আশাবাদী, ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে।
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানও আলোচনার ইতিবাচক ফলাফলের ইঙ্গিত দিয়ে বলেছেন, গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের ঐক্যবদ্ধ করার প্রয়াস অব্যাহত থাকবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ সফল হলে তরুণ নেতৃত্বকে ঘিরে একটি নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটতে পারে, যা দেশের প্রথাগত রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবে।
কীওয়ার্ডসঃএনসিপি ঐক্য,গণঅধিকার পরিষদ,তরুণ নেতৃত্ব রাজনীতি,নতুন রাজনৈতিক দল