প্র দী প গু প্ত

  • কামনা!
  • ২০২৫-০৯-১৯ ১১:১৩:৩০
image

কেন যে মন এতো অভিমানী হয়, এতো অভিমানী 
কেন যে --
কেন যে বুকে মাথা রেখে উষ্ণ ওম নিতে ইচ্ছে জাগে
কেন যে --
কেন যে হঠাৎ করে হারিয়ে যেতে ইচ্ছে করে
কেন যে বড্ড জানতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে
হাহাকার --
একটা গোটা দিন ফোন না ধরে,
নয়তোবা না করে
আকুলতা দেখতে ইচ্ছে করে।

সেদিন যখন ফোনের ওপার থেকে তোমার ভেসে আসা আকুল হ্যালো এপারে এসে আছড়ে পড়ছিলো,
তখন যে কি --!
শেষে --' বলো ' -- বলার পর তোমার কান্নায় ভেঙে পড়ার শব্দ
আমায় যে কি --!

ভালোবাসা আছে বলেই কি মেঘ নেমে আসে নীচে
বরফ গলা জল ঝর্ণা হয়ে বয়!
তোমার নখের আঁচড়ে ক্ষতবিক্ষত হয় আমার বুক
আমার চুলগুলো এলোমেলো করে দিয়ে
আমার মুখ বুকে চেপে ধরে বলে ওঠো -- পাগল কোথাকার...

এ বর্ষাতে আমি একদিনও শাপলা তুলিনি,
নীলকান্তমণির লতা থেকে তুলি নি ফুল
দেখিনি দিঘীর কাজল কালো বুকে তোমার মুখ
আজ সন্ধ্যেবেলা আমি অপেক্ষায় থাকবো
তুমি খোঁপা বেঁধে এসো।