৪৭তম বিসিএস প্রিলিমিনারি: আট বিভাগে একযোগে শুরু

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-১৯ ১০:৩১:০০
image

দেশব্যাপী শুরু হয়েছে ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষা একযোগে চলছে দেশের আটটি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) তত্ত্বাবধানে লাখো প্রার্থী অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতামূলক পরীক্ষায়।
বিপিএসসি জানিয়েছে, পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যেই কেন্দ্রে প্রবেশ করতে হয়েছে। নির্ধারিত সময়ের পর গেট বন্ধ হয়ে যায়, ফলে দেরিতে এসে কেউ প্রবেশ করতে পারেননি। আসন বিন্যাস ও কেন্দ্র-সংক্রান্ত তথ্য বিপিএসসি ও টেলিটকের ওয়েবসাইটে প্রকাশিত হয় এবং পরীক্ষার্থীদের মোবাইল মেসেজের মাধ্যমেও জানানো হয়।
পরীক্ষায় প্রশ্নপত্র চার সেটে ভাগ করা হয়েছে। প্রতিটি সঠিক উত্তরে এক নম্বর যোগ হবে, আর ভুল উত্তরে কাটা যাবে শূন্য দশমিক পাঁচ নম্বর। দুই ঘণ্টার এ পরীক্ষায় কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারেননি। এছাড়া হলে প্রবেশের সময় মেটাল ডিটেক্টরে তল্লাশি চালানো হয়েছে। নিষিদ্ধ সামগ্রী বহন বা নকলের প্রমাণ পাওয়া গেলে প্রার্থিতা বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কমিশন।
প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। দৃষ্টিপ্রতিবন্ধীরা শ্রুতিলেখক পাচ্ছেন এবং তাঁদের জন্য বাড়তি সময়ও বরাদ্দ করা হয়েছে। ইংরেজি ভার্সনের পরীক্ষার্থীদের জন্য আলাদা আসন বিন্যাস ও প্রশ্নপত্র সরবরাহ করা হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, পরীক্ষা চলাকালীন অনিয়ম বা অসদাচরণের প্রমাণ পাওয়া গেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, ২০২৩ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

কীওয়ার্ডস:৪৭তম বিসিএস,বিসিএস প্রিলিমিনারি ২০২৬,বিপিএসসি পরীক্ষা,বিসিএস কেন্দ্র,বিসিএস পরীক্ষা নিয়ম