ইয়েমেনের হুথি বিদ্রোহীরা আবারও ইসরাইলকে লক্ষ্যবস্তু করেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) তারা এক বিস্ফোরক ড্রোন পাঠিয়ে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতের একটি হোটেলের প্রবেশপথে আঘাত হানে। ঘটনায় ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর মেলেনি।
প্রথম আক্রমণের প্রায় এক ঘণ্টা পর ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) আরেকটি ড্রোন ভূপাতিত করে। একইদিন সন্ধ্যায় হুথিরা ইসরাইলের কেন্দ্রীয় অঞ্চলের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এতে তেলআবিব ও জেরুজালেমসহ বিভিন্ন শহরে সতর্ক সাইরেন বাজতে থাকে। তবে আইডিএফ ক্ষেপণাস্ত্রটি প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস করতে সক্ষম হয়।
হুথিরা দাবি করেছে, তারা তেলআবিবের একটি ‘সংবেদনশীল সামরিক স্থাপনায়’ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়া এলাত ও বেয়ারশেভার দিকেও একাধিক ড্রোন পাঠানো হয়েছিল বলে জানিয়েছে তারা।
গাজায় চলমান হামাসবিরোধী অভিযানের পর থেকে হুথিরা অন্তত ৮৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ৪০টির বেশি ড্রোন নিক্ষেপ করেছে ইসরাইলের দিকে। এর আগে চলতি মাসের শুরুতে হুথিদের একটি ড্রোন এলাতের রামোন বিমানবন্দরে আঘাত হেনেছিল।
বিশ্লেষকদের মতে, ইসরাইলের হোদেইদা ও সানায়ায় সাম্প্রতিক বিমান হামলার জবাব হিসেবেই হুথিদের এসব পাল্টা হামলা তীব্র হচ্ছে। পরিস্থিতি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে।
কীওয়ার্ডস: হুথি ড্রোন হামলা,ইসরাইল এলাত,তেলআবিব ক্ষেপণাস্ত্র,আইডিএফ প্রতিরক্ষা,মধ্যপ্রাচ্য সংঘাত