প্রথমবার প্রবাসীদের ভোটাধিকার, পোস্টাল ব্যালটে অংশ নেবেন অন্তত ৫০ লাখ বাংলাদেশি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-১৮ ২২:৩৮:৩৪
image

বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় এক কোটি ৩০ লাখ বাংলাদেশি প্রবাসীর জন্য প্রথমবারের মতো আসছে জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, পোস্টাল ব্যালটের মাধ্যমে অন্তত ৫০ লাখ প্রবাসী ভোটারকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কর্মসূচি বাস্তবায়নে সরকারের ব্যয় হবে প্রায় ৪০০ কোটি টাকা। ভোটারপ্রতি গড়ে খরচ ধরা হয়েছে ৭০০ টাকা। প্রবাসীদের অনলাইনে নিবন্ধনের পর ডাকযোগে পাঠানো হবে ব্যালট। নির্ধারিত খামে ভোট প্রদান করে তা রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাতে হবে। নির্বাচনের দিন দেশে প্রদত্ত ভোটের সঙ্গে এসব ভোটও গণনা করা হবে।
ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, “প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে আমরা এবার বড় লক্ষ্য নিয়েছি। আশা করছি, ৫০ লাখ ভোটার এই প্রক্রিয়ায় যুক্ত হবেন।”
ইসি জানায়, ৪০টি দেশে বাংলাদেশি প্রবাসীদের আধিক্য রয়েছে। এর মধ্যে সৌদি আরবেই রয়েছেন সবচেয়ে বেশি, প্রায় ৪০ লাখের বেশি। আর সবচেয়ে কম প্রবাসী রয়েছেন নিউজিল্যান্ডে, মাত্র আড়াই হাজার।
কমিশনের অনুমান, প্রবাসীদের প্রায় ৭০ শতাংশের বৈধ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) আছে। তাদের মধ্যে অন্তত অর্ধেক ভোট প্রক্রিয়ায় অংশ নেবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

কীওয়ার্ডস: প্রবাসী ভোট,পোস্টাল ব্যালট,বাংলাদেশ নির্বাচন,এনআইডি নিবন্ধন,ইসি উদ্যোগ