প্রবাসীদের ভোটে নতুন উদ্যোগ: অ্যাপের মাধ্যমে নিবন্ধন, ডাকযোগে ব্যালট পাঠানো হবে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-১৮ ১৯:৫৪:৩৯
image

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় নতুন অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব মো. আখতারুজ্জামান জানান, শুধুমাত্র নিবন্ধিত প্রবাসীরাই এই সুবিধা পাবেন।
‘পোস্টাল ভোট বিডি’ নামে একটি অ্যাপ ইতোমধ্যে তৈরি হয়েছে, যা উদ্বোধনের অপেক্ষায় রয়েছে। নিবন্ধিত প্রবাসীদের কাছে ডাক বিভাগের মাধ্যমে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে। একটি বড় খামের মধ্যে তিনটি আলাদা খাম পাঠানো হবে—একটিতে ব্যালট, অন্যটিতে ভোট দিয়ে ফেরত পাঠানোর খাম, সঙ্গে নির্দেশনাও থাকবে।
শুধু প্রবাসীরাই নয়, নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তা, সরকারি চাকরিজীবী ও আইনানুগ হেফাজতে থাকা ব্যক্তিরাও এই পদ্ধতিতে ভোট দিতে পারবেন, তবে তাদেরও অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে। ইসি সচিব জানান, কার্যক্রম শুরুর সময়সূচি ঘোষণা করা হবে নির্বাচনের তফসিলের সঙ্গে সমন্বয় করে।

কীওয়ার্ডস:
প্রবাসী ভোট, পোস্টাল ব্যালট, ইসি সচিব, পোস্টাল ভোট অ্যাপ, বাংলাদেশ নির্বাচন