একসময় স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মুহূর্তের নাটকীয় গোলের জন্য পরিচিত ছিল, যা ফুটবল ইতিহাসে ‘ফার্গি টাইম’ নামে খ্যাতি পায়। দীর্ঘদিন পর সেই স্মৃতি যেন ফিরিয়ে এনেছেন লিভারপুল ম্যানেজার আরনে স্লট। চলতি মৌসুমে তার শিষ্যরা টানা পাঁচ ম্যাচে শেষ ১০ মিনিট বা যোগ করা সময়ে জয় ছিনিয়ে নিয়েছে।
বাংলাদেশ সময় বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুমে আতেলতিকো মাদ্রিদের বিপক্ষে লিভারপুল আবারও শেষ মুহূর্তের জাদু দেখায়। নির্ধারিত সময়ের শেষে স্কোরলাইন ছিল ২-২। ঠিক তখনই কর্নার থেকে আসা বলে জোরালো হেডে জাল কাঁপান অধিনায়ক ভার্জিল ফন ডাইক। তার গোলে ৩-২ ব্যবধানে রোমাঞ্চকর জয় নিয়ে টুর্নামেন্ট শুরু করে অলরেডরা।
ম্যাচের শুরুটা ছিল আগুনঝরা—মাত্র ৬ মিনিটে দুই গোল করে ফেলে লিভারপুল। অ্যান্ডি রবার্টসন ও মোহাম্মদ সালাহর গোলে দলটি উড়ন্ত সূচনা পায়। তবে আতেলতিকোর ডিফেন্ডার মার্কোস ইয়োরেন্তে প্রথমার্ধের যোগ করা সময় ও ৮১ মিনিটে দুইবার জালে বল জড়িয়ে দলকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত ফন ডাইকের ‘ফার্গি টাইম’ গোলই ভাগ্য গড়ে দেয় স্বাগতিকদের।
অন্যদিকে একই রাতে বায়ার্ন মিউনিখের কাছে ১-৩ গোলে হেরে যায় চেলসি। জার্মান ক্লাবের হয়ে হ্যারি কেন জোড়া গোল করেন, আরেকটি আসে চেলসির ট্রেভহ চালোবাহর আত্মঘাতী প্রচেষ্টা থেকে। ব্লুজদের হয়ে একমাত্র গোলটি শোধ দেন কোল পালমার।
কীওয়ার্ডস:লিভারপুল জয়,ফার্গি টাইম,চ্যাম্পিয়ন্স লিগ ২০২৫,আতেলতিকো মাদ্রিদ,ভার্জিল ফন ডাইক