আজ শুক্রবার (২৫ আগস্ট) সরকার পতনের এক দফা যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীতে কালো পতাকা গণমিছিল করবে বিএনপি ও সমমনা দলগুলো। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে বিরোধী দলগুলোর এক দফা আন্দোলনের এটি পঞ্চম কর্মসূচি।
এছাড়া শনিবার (২৬ আগস্ট) এক দফা দাবিতে সব মহানগরে একই ধরনের কর্মসূচি পালন করা হবে।
মহানগর উত্তর শাখার মিছিলটি শ্যামলী রিং রোড থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে শেষ হবে। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এই কর্মসূচির উদ্বোধন করবেন।
বিএনপি ছাড়াও গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, সমমনা পেশাজীবী গণতান্ত্রিক জোট, গণতান্ত্রিক বাম ঐক্য, লেবার পার্টি, এনডিএম, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, গণঅধিকার পরিষদের দুই অংশ, এবি পার্টি, জনতার অধিকার পার্টি ও এনডিপি পৃথকভাবে রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করবে।
এর আগে ১৮ আগস্ট (শুক্রবার) বিএনপি ও সমমনা দলগুলো তাদের এক দফা দাবি আদায়ে রাজধানীসহ সব মহানগরে গণমিছিল কর্মসূচি পালন করে।
চলতি বছরের ১২ জুলাই বিএনপি ও সমমনা দলগুলো তাদের দাবি আদায়ে এক দফা আন্দোলনের ঘোষণা দেয়।