মো শা হে দ চৌ ধু রী

  • পাশে থাকবো চিরদিন
  • ২০২৫-০৯-১৭ ২১:৪৩:০৮
image

তুমি কি জানো তোমাকে দেয়া প্রতিটি প্রতিশ্রুতির ভেতরে
কত আলোর আর্তি লুকিয়ে থাকে
যখন বলি -- আমৃত্যু তোমার পাশে থাকবো
তখন সময়ের সাথে যুদ্ধ করি।
কারণ সময় চায়, সম্পর্কের গ্রন্থিগুলো ক্লান্ত হোক
ভেঙে যাক স্বপ্নে গড়া প্রেমের সৌধ,
আমি চাই তোমার হাতের মুঠোয় আমার হাত ধরা থাক আজীবন।

কথা দিলাম -- তুমি যখন ভেঙে পড়বে, আমি হবো তোমার কাঁধ
তুমি যখন হারিয়ে যাবে শূন্যতায়, আমি হবো আধার
তুমি যখন ক্লান্ত হয়ে তাকাবে আকাশের দিকে
আমি হবো সেই আকাশের নীল।

আমার পাশে থাকার মানে শুধু শূন্যতাকে ঢাকা নয় --
বরং তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে শেখা,
চোখের জল মুছে দেয়া, হাসির রেশটুকু ধরে রাখা।

তুমি যদি ভুলে যাও পৃথিবীর সব কথা,
আমার এই একটি প্রতিশ্রুতি মনে রেখো -- 
তোমার পাশে থাকবো চিরদিন।