বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী ৪ অক্টোবর অনুষ্ঠিত হবে। বুধবার (১৭ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করেছে বিসিবি নির্বাচন কমিশন।
বিসিবির নির্বাচনের দায়িত্বে আছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন, যাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তার নেতৃত্বে তিন সদস্যের কমিশন এ কার্যক্রম পরিচালনা করবে।
তফসিল অনুযায়ী, ২০ সেপ্টেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা, একই দিনের মধ্যে আপত্তি গ্রহণ ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ২২–২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, ২৫ সেপ্টেম্বর জমাদান, আর ২৬ সেপ্টেম্বর হবে যাচাই-বাছাই। ২৭ সেপ্টেম্বর শুনানি শেষে ২৮ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও বৈধ প্রার্থীর তালিকা চূড়ান্ত হবে। একই দিনে ডাক ও ই-ব্যালট বিতরণ করা হবে।
মূল নির্বাচন অনুষ্ঠিত হবে ৪ অক্টোবর এবং প্রাথমিক ফলাফল সেদিনই ঘোষণা করা হবে। পরদিন ৫ অক্টোবর চূড়ান্ত ফলাফল প্রকাশ করবে নির্বাচন কমিশন।
কীওয়ার্ডস: বিসিবি নির্বাচন, ক্রিকেট বোর্ড, তফসিল, ভোটার তালিকা, মনোনয়ন