চাঁপাইনবাবগঞ্জে বাবার নিকট পাওনা টাকাকে কেন্দ্র করে ছেলেকে অপহরণ,অপহৃত উদ্ধার,৫ অপহরণকারী গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-১৬ ১৮:২৯:৩৪
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বাবা শাওবান হোসেন ওরফে শাবানের নিকট পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে তাঁর ছেলে মুদি ব্যবসায়ী সানি আহম্মেদকে (২৫) মাইক্রোবাসে তুলে অপহরণের ঘটনা ঘটেছে। গত সোমবার(১৫ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টায় অপহরণের দু’ঘন্টার মধ্যে রাত সাড়ে ১২টায় পুলিশ অভিযানে  উদ্ধার হয়েছেন  সানি। গ্রেপ্তার হয়েছেন মূল অপহরনকারী  আরিফ হোসেন(২৫) ও ভাড়াটিয়া আরও ৪ অপহরণকারী। জব্দ হয়েছে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস। অপহৃত সানি ও অপহরনকারী আরিফ দাইপুকুরিয়া ইউনিয়নের বাগবাড়ি গ্রামের বাসিন্দা। আরিফ ওই গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
মঙ্গলবার(১৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ ঘটনাটি নিশ্চিত করেন। তিনি বলেন, মঙ্গলবার এ ঘটনায় সানির মা  শ্যামলী বেগম ৮ জনের নামে ও অজ্ঞাত আরও ৩/৪ জনের নামে শিবগঞ্জ  থানায় মামলা করেন। মঙ্গলবার বিকালে আসামীদের আদালতে  পাঠানো হয়। অপহৃত সানি আদালতে জবানবন্দী দিয়েছেন।
পুলিশ জানায়, গত সোমবার রাতে বাগবাড়ি বাজারে নিজের মুদি দোকান বন্ধ করে দুই বন্ধুকে সাথে নিয়ে  মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে বাগবাড়ি ফিল্ডবাজার এলাকায় সড়কে গতিরোধ করে ১১/১২ ব্যাক্তি জোরপূর্বক সানিকে মাইক্রোবাসে তুলে অজ্ঞাতস্থানে নিয়ে যায়। ঘটনাটি সানির বন্ধুদের মারফৎ তাঁর পরিবার জানতে পেরে পুলিশে অভিযোগ করে। অভিযোগ পাবার পর পুলিশ অভিযান শুরু করে  সোমবার দিবাগত সাড়ে রাত ১২টার দিকে(১৬ সেপ্টেম্বর) শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের গোলাপবাজার এলাকা থেকে অপহৃত সানিকে উদ্ধার,মাইক্রোবাস জব্দ ও  আরিফসহ ৫ অপহরনকারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত অন্য ৪ জন হলেন শিবগঞ্জের জমিনপুর মধ্যপাড়া গ্রামের নাসির উদ্দিনের ছেলে মোয়াজ্জেম হোসেন(২৫), কালিগঞ্জ লজিবটোলা গ্রামের আব্দুল মালেকের ছেলে আল আমিন(২২), এবাদতবিশ^াসের টোলা গ্রামের মৃত নাজেলের ছেলে মো.রাজু(২৩)  এবং  দৌলতপুর মোড়লটোলা গ্রামের রবিউল ইসলামের ছেলে ও শিবগঞ্জ পৌরসভার গাড়ীচালক রাজু হোসেন(২৪)।
মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, প্রাথমিক  তদন্ত ও জিজ্ঞাসবাদে  আরিফ  দাবি করেছে, ২ বছর আগে সানির  বাবা  সাবান  চাকুরি দেবার নামে তাঁর নিকট থেকে নিকট ৪ লক্ষ ৮০ হাজার টাকা নেয়।  এ টাকা নিয়ে পূর্বেও ঝামেলা  হয়েছে। সেই জেরেই সে লোক ভাড়া করে  সানিকে অপহরণ করে।