ম হু য়া বি শ্বা স

  • রূপকথা
  • ২০২৫-০৯-১৪ ১৮:১৭:১৪
image

নদীর বুকের খবর কেবল নদীই জানে 
আর সবই তো গল্প খোঁজার ফিকির খোঁজে । 
যেসব আঘাত লুকিয়ে ছিলো অথই জলে
ডুবতে ডুবতে সেসব কথা কেই বা বোঝে । 

নোনতা জল বাড়ছে নদীর শরীর জুড়ে , 
হাওয়াটা তো এধার ওধার ঘুরে ফিরে
না জানিয়েই হঠাৎ কোথায় উধাও হলো , 
কি আসে যায় কার কতটা কষ্ট হলো ! 

পাহাড় জানতো নদীর সবটা উচ্ছ্বলতা 
বুক চিরে সে নদীর জন্য পথ বানাতো । 
দর্প ভরে চলতো নদী খরস্রোতায় , 
পাথর বুকে পাগলামো তার খুব মানাতো । 

যে ছেলেটা উদাস মনে ঢেউ গুনতো 
তার কাছে তো খবর ছিলো , সেই জানতো । 
সেই জানতো হাওয়ার গোপন শর্তগুলি , 
নদীর বুকে তলিয়ে যাওয়া শহরতলি ।
 
সেসব কথা রূপকথারা জানতো যদি ...!! 
সমুদ্দুরে  হারিয়ে গেছে হাজার নদী ।