বুলুপিসি পাড়ার মেয়ে বৌ দের নিয়ে মা দুর্গার ভোগ রাঁধে প্রতি বছর। সকলে হাত চেটে খান সেই ভোগ। মনে মনে প্রস্তুত হয়ে ছিল এবারও সে রাঁধবে নানা পদ ইউটিউব ঘেঁটে। এবার মা'কে খাইয়ে বুলুপিসি খুশি করবেই।
স্বপ্নে মাকে সে বলল মাগো তুমি এলে এবার তোমায় নতুন নতুন রান্না করে খাওয়াব।
পরদিন সকালে মা দুর্গার চিঠি এল বুলুপিসির লেটারবক্সে।
মা লিখেছেন- তোদেরকে নারী বলতে আজ আমার দ্বিধা হয়, বড় হাসি পায়।
তোরা দূর্বল প্রজাতি হিসাবে আজও রয়ে গেলি সমাজে, অপর দিকে একজন নারীকেই 'শক্তির দেবী' হিসাবে পূজা করে গেলি।
আর কত নারী পরিচয়ে শক্তিহীনার মুখোশ পরে থাকবি?
ভেতরে দূর্বলতা রেখে বাইরে আধুনিকা সেজে ধর্ষণের আখ্যান আর কত গাইবি?
তোদের দেখে আজ আমার লজ্জা হয়।।
ক্যারাটে জুডো না শিখে লিপস্টিক আর জিন্স পরলেই কি প্রকৃত নারী হওয়া যায়?
নারী মানে শক্তির আধার। নারী মানে সাহসের আধার।
অসুর নিধন একজন নারীই তো করেছিল, ভুলে গেছিস বুঝি?
যে সব 'মেয়ে শিকারি পুরুষ'রা ধংসের খেলা খেলছে ওদের সামনে রুখে দাঁড়া।
কি করতে নারী হয়ে জন্মেছিস, যদি নারী সম্ভ্রম বাঁচানোর কোনো উপায় তোদের জানা না থাকে?
পশুও জানে আত্মরক্ষার ভার নিতে।
যদি দুষ্ট দমন করতে না পারিস, এ ধরনীকে সুন্দর করতে কোনও ফুল তোরা ফোটাতে পারবি না কোনোদিন।
জেগে ওঠ ।
সত্যিই যদি ঘুম থেকে জেগে উঠতে পারিস, যদি রাঁধতে পারিস পৃথিবীর সব মেয়েদের প্রতিবাদ একত্রে, তবে রেঁধে দে আমায়- নারী সম্ভ্রম।