জাতিসংঘ সাধারণ পরিষদে দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে বিপুল সমর্থনে একটি প্রস্তাব পাস হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৪২ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়, বিপক্ষে অবস্থান নেয় মাত্র ১০ দেশ, যার মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া ১২টি দেশ ভোটদানে বিরত থাকে। ফ্রান্স ও সৌদি আরব প্রস্তাবটি উত্থাপন করে।
‘নিউইয়র্ক ঘোষণা’ নামে পরিচিত এই প্রস্তাবে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের হামলার নিন্দা জানানো হলেও গাজায় ইসরাইলের নির্বিচার বোমাবর্ষণ, অবরোধ ও মানবিক বিপর্যয়েরও কঠোর সমালোচনা করা হয়। প্রস্তাবে দ্বি-রাষ্ট্র সমাধান নিশ্চিত করতে সুনির্দিষ্ট ও সময়সীমা নির্ধারণের আহ্বান জানানো হয়েছে।
তবে ইসরাইল স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা এই প্রস্তাব মানবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভোটের আগেই ঘোষণা করেছিলেন, ফিলিস্তিন কখনো স্বাধীন রাষ্ট্র হতে পারবে না। ভোটের পর ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওরেন মারমোরস্টেইন একে ‘বাস্তবতা থেকে বিচ্ছিন্ন রাজনৈতিক সার্কাস’ বলে আখ্যা দেন।
অন্যদিকে, হামাস এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, ২২ সেপ্টেম্বর জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠকে কয়েকটি দেশ আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে।
কীওয়ার্ডসঃ জাতিসংঘ দ্বি-রাষ্ট্র সমাধান,ইসরাইল ফিলিস্তিন প্রস্তাব,নিউইয়র্ক ঘোষণা,হামাস প্রতিক্রিয়া,ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি