এশিয়া কাপে রেকর্ড লজ্জায় আমিরাত, ভারতের বিপক্ষে মাত্র ৫৭ রানে অলআউট

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-১০ ২৩:২১:৪৯
image

টি-টোয়েন্টি এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচেই রেকর্ড লজ্জায় পড়ল আয়োজক সংযুক্ত আরব আমিরাত। বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলতে নেমে মাত্র ১৩.১ ওভারে ৫৭ রানে গুটিয়ে যায় আমিরাত। এটি এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
এর আগে ২০২২ সালের সেপ্টেম্বরে শারজায় পাকিস্তানের বিপক্ষে হংকং মাত্র ৩৮ রানে অলআউট হয়েছিল, যা এখনো সর্বনিম্ন রেকর্ড।
টস হেরে ব্যাট করতে নেমে আমিরাত ভালো সূচনা করেছিল। প্রথম ৩ ওভারেই ২৫ রান তোলে তারা। তবে এরপর থেকেই শুরু হয় ধস। জাসপ্রিত বুমরাহ ও বরুণ চক্রবর্তীর নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ বাড়তে থাকে। পাওয়ার প্লেতে ৪১ রান তুললেও নবম ওভারে কুলদিপ যাদব একাই নেন তিনটি উইকেট, যা আমিরাতের ইনিংস ভেঙে দেয়।
কুলদিপ শেষ পর্যন্ত মাত্র ৭ রান খরচায় ৪ উইকেট তুলে নেন। পেসার শিভাম দুবে নেন ৩ উইকেট, অক্ষর প্যাটেলও নেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। একের পর এক ব্যাটার দ্রুত ফিরে যাওয়ায় মাত্র ৫ রানের ব্যবধানে ৫ উইকেট হারায় আমিরাত। শেষ পর্যন্ত ৫৭ রানের বেশি যেতে পারেনি তারা।
শক্তিশালী ভারতের সামনে এমন ভরাডুবি এশিয়া কাপে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ক্রিকেট বিশ্লেষকরা বলছেন, এতো বড় আসরে প্রতিযোগিতামূলক লড়াই করতে হলে আমিরাতকে ব্যাটিং শক্তি বাড়াতেই হবে।

কীওয়ার্ডসঃ এশিয়া কাপ ২০২৫,আমিরাত বনাম ভারত,কুলদিপ যাদব বোলিং,টি-টোয়েন্টি রেকর্ড,এশিয়া কাপ ক্রিকেট