নেপালে সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা ঘিরে তরুণ প্রজন্মের আন্দোলন আরও বিস্তৃত আকার ধারণ করেছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) কারফিউ উপেক্ষা করে দেশজুড়ে বিক্ষোভে নামে জেন জি প্রজন্মের শিক্ষার্থী ও তরুণরা। এদিন তারা রাজধানী কাঠমান্ডু উপত্যকা ছাড়াও বিভিন্ন জেলায় রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাসভবনে হামলা চালায়।
স্থানীয় সংবাদমাধ্যম *দ্য কাঠমান্ডু পোস্ট* জানায়, ললিতপুরে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুঙের বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভৈসেপাটির বাসভবনে চলে পাথর নিক্ষেপ। সোমবার পদত্যাগ করা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বিশ্ব পাউডেলের বাসভবনও আক্রমণের শিকার হয়।
এছাড়া সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস সভাপতি শের বাহাদুর দেউবার বুধানিলকণ্ঠের বাসভবনের দিকে বিক্ষোভকারীরা অগ্রসর হলেও পুলিশি তৎপরতায় হামলা এড়ানো যায়। একইভাবে বিরোধী দলীয় নেতা ও সিপিএন (মাওবাদী কেন্দ্র) এর চেয়ারম্যান পুষ্পকমল দাহালের বাড়িতেও পাথর নিক্ষেপ করা হয়।
প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করলেও আন্দোলনকারীরা বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রী ও স্থানীয় নেতাদের বাড়িতেও হামলা চালাচ্ছে।
প্রসঙ্গত, সরকারের নির্দেশে ৪ সেপ্টেম্বর থেকে ফেসবুক, এক্স, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা জারি করা হয়। এর প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ ইতোমধ্যেই সরকারবিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। কাঠমান্ডুর বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং শতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে।
কীওয়ার্ডসঃনেপাল বিক্ষোভ,সামাজিক যোগাযোগমাধ্যম নিষেধাজ্ঞা,কাঠমান্ডু আন্দোলন,জেন জি প্রতিবাদ,নেপাল কারফিউ