ভিসা নীতিতে বড় পরিবর্তন: ভারতীয়সহ অ-অভিবাসী আবেদনকারীদের জন্য নতুন নিয়ম যুক্তরাষ্ট্রের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০৮ ২১:২০:২৯
image

যুক্তরাষ্ট্র তাদের ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে, যা অবিলম্বে কার্যকর হয়েছে। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নতুন নির্দেশনা অনুযায়ী, এখন থেকে ভারতীয়সহ সব অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের নিজেদের দেশ বা বৈধভাবে বসবাসের দেশ থেকেই ভিসার ইন্টারভিউয়ের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। ফলে অপেক্ষার সময় কমাতে বিদেশে গিয়ে সাক্ষাৎকার দেওয়ার যে সুযোগ ছিল, সেটি আর থাকছে না।
এই নিয়ম কার্যকর হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন ভারতীয় আবেদনকারীরা। অতীতে তারা সিঙ্গাপুর, জার্মানি কিংবা থাইল্যান্ডের মতো দেশে গিয়ে বি১ (ব্যবসা) ও বি২ (পর্যটন) ভিসার ইন্টারভিউ দিতেন। এখন সেই সুযোগ আর নেই। শুধুমাত্র আফগানিস্তান, কিউবা, রাশিয়া, ইরান কিংবা শাদের মতো দেশে বসবাসকারীরা এর ব্যতিক্রম হতে পারবেন, যেখানে যুক্তরাষ্ট্রের নিয়মিত ভিসা কার্যক্রম নেই।
অন্যদিকে, ২ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া আরেকটি নতুন নিয়মে বাতিল করা হয়েছে ‘ইন্টারভিউ ওয়েভার প্রোগ্রাম’। অর্থাৎ, এখন থেকে সব অ-অভিবাসী ভিসা আবেদনকারীকে মার্কিন দূতাবাস বা কনস্যুলেটে সশরীরে সাক্ষাৎকারে হাজির হতে হবে। এর প্রভাব পড়বে এইচ, এল, এফ, এম, জে, ই ও ও ক্যাটাগরির ভিসা আবেদনকারীদের ওপর। এমনকি ১৪ বছরের কম বয়সী শিশু ও ৭৯ বছরের বেশি বয়স্ক আবেদনকারীরাও এর আওতায় আসবেন।
পর্যবেক্ষকরা বলছেন, এই নীতি ভিসার আবেদন প্রক্রিয়ায় ব্যাকলগ আরও বাড়িয়ে দিতে পারে। কারণ ইতিমধ্যেই ভারতে বিভিন্ন কনস্যুলেটে সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় কয়েক মাস থেকে শুরু করে প্রায় এক বছর পর্যন্ত লেগে যাচ্ছে।

কীওয়ার্ডসঃযুক্তরাষ্ট্র ভিসা নীতি,ভারতীয় ভিসা আবেদন,অ-অভিবাসী ভিসা নিয়ম,মার্কিন দূতাবাস ইন্টারভিউ,ভিসা ওয়েভার বাতিল