চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহর কেন্দ্রে অবস্থিত ঘনবসতিপূর্ণ ১৫নং ওয়ার্ডে সরকারের সামজিক নিরাপত্তা কর্মসূচীর অধীনে পরিচালিত ওপেন মার্কেট সেলিং বা ওএমএস ডিলার পয়েন্ট বৃদ্ধির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য উপদেষ্টা, জেলা প্রশাসক ও জেলা খাদ্য নিয়ন্ত্রক বরাবর তিনটি স্মারকলিপি দেয়া হয়।
সোমবার (৮সেপ্টেম্বর) সকালে বিভিন্ন এলাকা থেকে কর্মসূচীতে অংশগ্রহণকারী ওয়ার্ডবাসী টাউন হাইস্কুল মাঠে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল করে শহরের প্রধান সড়কগুলো ঘুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধনে মিলিত হন। সকাল ১১টা থেকে ঘন্টারও বেশী সময় ধরে মানববন্ধনে বক্তব্য দেন আখতার হোসেন চুনি, বাহরাম আলী, আশিক পারভেজ শাহীন, রুহুল আমীন, আমিনুল ইসলাম বুলবুল,গৃহিনী তারিখা খাতুন বুলবুলি, রেজিয়া বেগম,বাসন্তী চৌধুরী প্রমুখ।
বক্তরা বলেন, ১৫ নং ওয়ার্ডে মূলত দরিদ্র জনগোষ্ঠীর অন্তত: ২৩ হাজার মানুষের বসবাস। এলাকায় বস্তি রয়েছে ৪টি। পূর্বে এই ওয়ার্ডে ওএমএস ডিলার পয়েন্ট ছিল ৪টি। ৪ জন ডিলার নিয়মানূযায়ী চাল, আটা বিতরণ করতেন।কিন্তু গত ৬ আগষ্ট থেকে এই ওয়ার্ডে মাত্র একজন ডিলার নিয়োগ দেয়ায় ওয়ার্ডবাসী চরম বিড়ম্বনায় পড়েছেন। বেশীরভাগ মানুষ নাভিশ^াস ওঠা ক্রমাগত উর্ধমূখী নিত্যপন্যের বাজারে অতি প্রয়োজনীয় দুটি খাদ্যপণ্য সূলভে সংগ্রহ করতে পারছেন না। এমতাবস্থায় দ্রæত এই ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক ডিলার নিয়োগের দাবি জানান বক্তারা।
এ ব্যাপারে জেলা ভারপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ বলেন,ঘনবসতিপূর্ণ এলাকার দরিদ্র জনগণের অবস্থা বিবেচনা করে ঊর্ধতণ কর্তৃপক্ষকে অতিরিক্ত ডিলার নিয়োগের জন্য সুপারিশ করা হবে। তিনি বলেন, বর্তমান নীতিমালা অনুযায়ী প্রতি ওয়ার্ডে অনুমোদিত ১ জন ডিলার সপ্তাহে দুইদিন ১টন করে চাল ও ১টন করে আটা বিতরণ করেন। এতে একজন ৫ কেজি করে চাল ও ৫ কেজি করে আটা নিতে পারেন। অর্থাৎ প্রতি ওয়ার্ডে প্রতি সপ্তাহে ৪০০ জন্ আটা ও ৪০০ জন চাল নিতে পারছেন।