বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রস্তুতিমূলক ম্যাচে দাপট দেখাল ব্রাজিল। কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তির ইচ্ছায় ঐতিহাসিক মারাকানায় অনুষ্ঠিত ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় সেলেসাওরা। গোল করেন তরুণ তারকা এস্তেভাও উইলিয়ান, লুকাস পাকেতা ও ব্রুনো গুইমারেস।
পুরো ম্যাচজুড়ে আধিপত্য ছিল ব্রাজিলের। ৬৪ শতাংশ সময় বল দখলে রেখে ২২টি শট নেয় তারা, যার মধ্যে সাতটি ছিল লক্ষ্যে। অন্যদিকে চিলি একটিও টার্গেটে শট নিতে পারেনি। প্রথমার্ধে এস্তেভাওয়ের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা, যা তাকে কিংবদন্তি পেলের পর সবচেয়ে কম বয়সী ব্রাজিলিয়ান গোলদাতা বানায় (১৭ বছর ৪ মাস)।
দ্বিতীয়ার্ধে বদলি নামা লুইস হেনরিক দুর্দান্ত ভূমিকা রাখেন। তার ক্রসে হেডে গোল করেন পাকেতা। এরপর হেনরিকের শটে ফিরতি বল কাজে লাগিয়ে তৃতীয় গোল করেন গুইমারেস। শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ে চিলির বিপক্ষে নিজেদের জয়সংখ্যা ৫৩-এ উন্নীত করল ব্রাজিল, যা নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে বিশ্ব ফুটবলে সর্বোচ্চ জয়।
কীওয়ার্ডসঃব্রাজিল বনাম চিলি,মারাকানা ম্যাচ,ব্রাজিল বিশ্বকাপ প্রস্তুতি,এস্তেভাও গোল,পাকেতা গুইমারেস