কুমিল্লায় এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তার মাকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। প্রাথমিকভাবে পারিবারিক কোন্দলকেই এই হত্যাকাণ্ডের কারণ মনে করছে পুলিশ। নিহতরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া আক্তার এবং তার মা তাহমিন বেগম।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টার দিকে শহরের নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের ভাই ৯৯৯ এ কল দিয়ে বিষয়টি পুলিশকে জানালে কোতয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
কোতয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, “আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আবদুল হাকিম বলেন, “ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। পুলিশ বলছে, পারিবারিক বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে, তবে পূর্ণাঙ্গ তদন্তের আগে কিছু বলা যাচ্ছে না।
কীওয়ার্ডস:কুমিল্লা বিশ্ববিদ্যালয় হত্যা,শিক্ষার্থী ও মায়ের মৃত্যু,পারিবারিক কোন্দল,কুমিল্লা খুন খবর,শ্বাসরোধে হত্যা