অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে নতুন শিক্ষাবর্ষ ক্যালেন্ডার আনছে সরকার: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০৭ ২২:২৯:২৭
image

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ছুটি কমিয়ে ক্লাসের সংখ্যা বাড়ানো হবে। রবিবার সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
উপদেষ্টা বলেন, “বছরে ৩৬৫ দিনের মধ্যে বর্তমানে ক্লাস হয় মাত্র ১৮০ দিনের মতো। এটি শিক্ষার্থীদের জন্য যথেষ্ট নয়। তাই ছুটি কমিয়ে শিক্ষার সময় বাড়াতে হবে। প্রধান উপদেষ্টার নির্দেশনা অনুযায়ী খুব শিগগিরই নতুন শিক্ষাবর্ষ ক্যালেন্ডার ঘোষণা করা হবে।”
তিনি আরও জানান, দেশের সাক্ষরতার হার বর্তমানে ৭৭.৯ শতাংশ হলেও শুধু হার বাড়ানোই নয়, শিক্ষার গুণগত মান উন্নয়নই এখন মূল লক্ষ্য। এজন্য প্রাথমিক শিক্ষাকে প্রকৃত শিক্ষায় রূপান্তরিত করার উদ্যোগ নিচ্ছে সরকার।
শিক্ষার মানোন্নয়নে প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুপুরের খাবার চালুর পরিকল্পনাও তুলে ধরেন তিনি। প্রতিটি শিক্ষার্থীকে বন রুটি, ডিম, কলা ও দেশীয় ফল সরবরাহ করা হবে বলে জানান উপদেষ্টা।
এছাড়া পিছিয়ে থাকা স্কুলগুলোতে অতিরিক্ত ক্লাস নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কীওয়ার্ডসঃ প্রাথমিক শিক্ষা ক্যালেন্ডার,স্কুল ছুটি কমানো,সাক্ষরতার হার বাংলাদেশ,দুপুরের খাবার স্কুলে,প্রাথমিক শিক্ষা সংস্কার