বদরুদ্দীন উমর এর মৃত্যুতে উদীচীর শোক

  • মঞ্জুর মোর্শেদ মিল্টন
  • ২০২৫-০৯-০৭ ১৩:২২:২৬
image

 বরেন্য বাম বুদ্ধিজীবী, লেখক, গবেষক,  ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আজ সকাল ১০টা ৫ মিনিটে মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুল আলম ও সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন এক যুক্ত বিবৃতিতে বলেন, প্রায় শতাব্দীজুড়ে এই ভূখণ্ডের নিপীড়িত, বঞ্চিত মানুষের লড়াইয়ে বদরুদ্দীন উমর নিজেকে সম্পৃক্ত রেখে যে অবদান রেখে গেছেন তা ইতিহাসের পাতায় চির অম্লান হয়ে থাকবে। তারা বলেন, তাঁর গবেষণা ও রচিত গ্রন্থ বাংলার ইতিহাসকে যেমন নির্মোহ ভাবে ধারণ করেছে তেমনি সেগুলি বাংলাদেশের বাম, গণতান্ত্রিক ও কমিউনিস্ট আন্দোলনের নেতা কর্মীদের জন্য আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।
তাঁর সংগ্রামী জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে উদীচীর নেতৃবৃন্দ বলেন, তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে যে শূন্যতা তৈরি হলো তা পূরণ হবার নয়। জাতি তাঁকে চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তাঁর শোকাহত পরিবার ও স্বজনদের প্রতি আমাদের সমবেদনা জানাচ্ছি।