যুক্তরাষ্ট্রে অভিযানে ৩০০’র বেশি দক্ষিণ কোরীয় গ্রেপ্তার, ক্ষুব্ধ সিউল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০৭ ০৯:৪৭:৫২
image

যুক্তরাষ্ট্রে বৃহৎ অভিবাসনবিরোধী অভিযানে তিন শতাধিক দক্ষিণ কোরীয় নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এদের ‘অবৈধ এলিয়েন’ আখ্যা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অভিবাসন কর্তৃপক্ষ আইসিই তাদের দায়িত্ব পালন করছে।
ঘটনার পরপরই দক্ষিণ কোরিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রেসিডেন্ট লি জে-মিয়ং জরুরি নির্দেশনা দিয়ে নাগরিকদের অধিকার রক্ষায় সর্বাত্মক উদ্যোগ নিতে বলেছেন। তিনি জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রে বিনিয়োগকারী দক্ষিণ কোরীয় কোম্পানিগুলোর কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়া চলবে না।
প্রতিবেদন অনুযায়ী, জর্জিয়া অঙ্গরাজ্যের সাভানার কাছে হুন্ডাই-এলজি’র বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ৪৭৫ জন কর্মীকে আটক করা হয়। এদের মধ্যে ৩০০ জনের বেশি দক্ষিণ কোরীয়। এটি আইসিই’র ইতিহাসে অন্যতম বৃহৎ একক-সাইট অভিযান বলে উল্লেখ করেছে মার্কিন কর্তৃপক্ষ।
এ ঘটনায় দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন দ্রুত সমাধান খুঁজে বের করতে উচ্চপর্যায়ের প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রে পাঠানোর ঘোষণা দিয়েছেন। প্রয়োজনে তিনি নিজেও ওয়াশিংটনে গিয়ে আলোচনা করবেন বলে জানিয়েছেন।
অভিযানের পর সিউলে জরুরি বৈঠক ডাকা হয়েছে। দেশটির সরকার বলছে, তারা নাগরিকদের অধিকার রক্ষায় বিলম্ব না করে পদক্ষেপ নেবে এবং মার্কিন প্রশাসনের সঙ্গে সরাসরি আলোচনায় বসবে।

কীওয়ার্ডসঃযুক্তরাষ্ট্র অভিবাসন অভিযান,দক্ষিণ কোরীয় গ্রেপ্তার,ডোনাল্ড ট্রাম্প মন্তব্য,আইসিই অভিযান,কূটনৈতিক সংকট