গাজায় টানা ৭০০ দিনের ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত সমগ্র অঞ্চল

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-০৯-০৭ ০৯:৩৭:৪১
image

গাজায় ইসরায়েলের টানা ৭০০ দিনের হামলায় প্রায় পুরো ভূখণ্ড ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজা সরকারের গণমাধ্যম দপ্তরের হিসাব অনুযায়ী, অবকাঠামোর ৯০ শতাংশ নিশ্চিহ্ন হয়ে গেছে এবং ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে ৬ হাজার ৮০০ কোটি ডলার।
বিবৃতিতে বলা হয়, এই হামলা কেবল ধ্বংসযজ্ঞ নয়, বরং এটি পরিকল্পিত গণহত্যা ও জোরপূর্বক বাস্তুচ্যুতির প্রতিফলন। এ পর্যন্ত নিহত বা নিখোঁজ হয়েছেন অন্তত ৭৩ হাজার ৭০০ জন, যাদের মধ্যে রয়েছেন ২০ হাজার শিশু ও ১২ হাজার ৫০০ নারী। প্রায় ২ হাজার ৭০০ পরিবার সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে।
এ ছাড়া নিহতদের মধ্যে আছেন ১ হাজার ৬৭০ স্বাস্থ্যকর্মী, ২৪৮ সাংবাদিক, ১৩৯ সিভিল ডিফেন্স সদস্য ও ১৭৩ পৌর কর্মী। আহত হয়েছেন প্রায় ১ লাখ ৬২ হাজার মানুষ। তাঁদের অনেকে অঙ্গহানি, পক্ষাঘাত কিংবা দৃষ্টিশক্তি হারিয়ে আজীবনের জন্য পঙ্গুত্ববরণ করেছেন।
গণমাধ্যম দপ্তরের তথ্য অনুযায়ী, হামলায় ৩৮টি হাসপাতাল, ৮৩৩টি মসজিদ, ১৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান এবং হাজার হাজার সরকারি স্থাপনা ধ্বংস হয়েছে। একই সঙ্গে ইসরায়েল গাজার বাসিন্দাদের ঘরে ফিরতে বাধা দিচ্ছে এবং খাদ্য অবরোধের মাধ্যমে ‘ক্ষুধাকে যুদ্ধাস্ত্র’ হিসেবে ব্যবহার করছে। বর্তমানে ২৪ লাখ মানুষ, এর মধ্যে অন্তত ১০ লাখ শিশু দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছে।
গাজা কর্তৃপক্ষ এ ধ্বংসযজ্ঞের জন্য সরাসরি ইসরায়েল ও তাদের সহযোগী দেশগুলোকে, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে। একই সঙ্গে আরব ও ইসলামি দেশসহ জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে যুদ্ধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) গাজায় ‘গণহত্যামূলক যুদ্ধের’ ৭০০তম দিনে নিহতের সংখ্যা ৬৪ হাজার ৩০০ ছাড়িয়েছে। সমগ্র অঞ্চল এখন দুর্ভিক্ষ ও মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইতোমধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। পাশাপাশি দেশটি আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গণহত্যা মামলার মুখোমুখি।

কীওয়ার্ডস: গাজা যুদ্ধ ২০২৫,ইসরায়েলি হামলা,গণহত্যা ও ধ্বংসযজ্ঞ,আন্তর্জাতিক অপরাধ আদালত,মানবিক বিপর্যয়