চাঁপাইনবাবগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে অটোরিক্সা র‌্যালী

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৫-০৯-০৬ ২০:৪০:০১
image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) ১৪৪৭ হিজরি উদযাপন উপলক্ষে অটোরিক্সা র‌্যালী  ও শিশুদের ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা,আলোচনা সভা,দোয়া মাহফিল  ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জেলা আইনজীবী সমিতি  ভবন চত্বর থেকে ধর্মপ্রাণ মুসল্লীদের অংশগ্রহনে বের হওয়া ‘মুবারাক’ র‌্যালীটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। স্থানীয় ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উদযাপন কমিটি আয়োজিত র‌্যালী থেকে পরিবেশিত হয়  সুমধুর কণ্ঠের হামদ ও নাত। র‌্যালী শেষে দেশ ও জাতি এবং সমগ্র মুসলিম  উম্মাহর শান্তি কামনায় বিশেষ  দোয়া অনুষ্ঠিত হয় এবং তাবারক (মিষ্টান্ন) বিতরণ করা হয়।
র‌্যালীতে অংশ নেন উদযাপন কমিটি সভাপতি এড.আফসার আলী,সহ-সভাপতি জহির উদ্দীন চৌধুরী,সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক শাহিন সরকার, সদস্য জাকির হোসেন, কামরুজ্জামান খাঁন সহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা।
এদিকে দিবসটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ইসলামিক ফাউন্ডেশন(ইফা) শিশু শিক্ষার্থীদের নিয়ে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, আলোচনা  সভা, দোয়া মাহফিল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করে। শনিবার সকালে জেলা মডেল মসজিদে ইফা কার্যালয়ে শিশুরা কেরাত,নাত,হামদ, রসুল(স.) এর শানে কবিতা,রচনা ও আযান প্রতিযোগিতায় অংশ নেয়। দুপুরে প্রতিযোগিতা ও আলোচনা শেষে ইফা উপ-পরিচালক গোলাম মোস্তাফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে মহানবী হজরত মোহাম্মদ(স.) জীবনী নিয়ে রচিত বই উপহার হিসেবে তুলে দেন।
এদিকে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(স.) উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদে মসজিদে  গত শুক্রবার(৫সেপ্টেম্বর) বাদ জুম্মাহ থেকে দোয়া মাহফিল ও  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কিছু মসজিদে শুক্রবার বাদ এশা এবং কিছু মসজিদে শনিবার  বিভিন্ন ওয়াক্তের নামাজ শেষে  দোয়া অনুষ্ঠিত হয়।