শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শেষ ওভারের রোমাঞ্চে দর্শকরা দম বন্ধ করে রেখেছিলেন। আরব আমিরাতের প্রয়োজন ছিল ১৭ রান। প্রথম দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে দেন আসিফ খান। মুহূর্তেই জয়ের স্বপ্ন জাগে আমিরাতের সমর্থকদের মনে।
তবে শেষ পর্যন্ত তা বাস্তবে রূপ নেয়নি। মাত্র ৪ রানের রুদ্ধশ্বাস জয় তুলে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শেষ গ্রুপ ম্যাচে এই নাটকীয় দৃশ্য দেখা যায়। যদিও ম্যাচটি ছিল কেবল আনুষ্ঠানিকতা, কারণ আগেই ফাইনালে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান এবং বিদায় নিশ্চিত হয়েছিল আমিরাতের।
তবুও ম্যাচের লড়াইয়ে কমেনি একটুও উত্তেজনা।
প্রথমে ব্যাটিংয়ে নেমে আফগান ওপেনাররা দলকে শক্ত ভিত গড়ে দেন। ইব্রাহিম জাদরান ৪৮ ও রাহমানউল্লাহ গুরবাজ ৪০ রান করে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৯৮ রান। শেষ দিকে কারিম জানাতের ঝড়ো ২৮ রান, সঙ্গে গুলবাদিন নাইব ও আজমাতউল্লাহ ওমরজাইয়ের কার্যকর ইনিংসে নির্ধারিত ২০ ওভারে আফগানিস্তানের সংগ্রহ দাঁড়ায় ১৭০ রান। অসাধারণ ব্যাটিংয়ের জন্য ম্যাচসেরা নির্বাচিত হন ইব্রাহিম জাদরান।
লক্ষ্য তাড়ায়ও দারুণ লড়াই করে আমিরাত। অধিনায়ক মুহাম্মাদ ওয়াসিম ৪৪ এবং ওপেনার আলিশান শারাফু ২৭ রান করেন। তবে আসিফ খান ছিলেন আসল লড়াইয়ের নায়ক। ২৮ বলে ৪০ রানের ইনিংসে প্রায় একাই ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। শেষ তিন বলে ৫ রান দরকার থাকলেও ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন তিনি। ভেঙে যায় আমিরাতের জয়ের স্বপ্ন।
আগামী রোববার (৭ সেপ্টেম্বর) সিরিজের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও আফগানিস্তান। ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় থাকবেন আরেক হাইভোল্টেজ লড়াইয়ের।
কীওয়ার্ডস: আফগানিস্তান বনাম আমিরাত,ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ,শারজাহ ক্রিকেট ম্যাচ,আসিফ খানের ইনিংস,পাকিস্তান বনাম আফগানিস্তান ফাইনাল