গাজায় যুদ্ধবিরতি এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি হামাসের সঙ্গে গভীর আলোচনায় রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) ওভাল অফিসে এক প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য দেন।
ট্রাম্প বলেন, “আমরা চাই সবাইকে ছেড়ে দেয়া হোক। যদি হামাস বন্দিদের মুক্তি দেয়, তবে ভালো কিছু ঘটবে। তবে যদি না দেয়, পরিস্থিতি জটিল ও কঠিন হয়ে পড়বে।”
তিনি জানান, বর্তমানে প্রায় ২০ জন জিম্মি জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। যদিও তাদের কয়েকজন সম্প্রতি মারা গেছেন এমন খবরও পাওয়া গেছে। এ বিষয়ে ট্রাম্প আশা প্রকাশ করেন যে, খবরটি ভুল হোক।
হামাসের হাতে এখন খুব বেশি জীবিত জিম্মি না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ অবস্থায় সমাধানের পথ খুঁজে বের করা কঠিন হয়ে যাচ্ছে বলে সতর্ক করেন মার্কিন প্রেসিডেন্ট।
অক্টোবরের ৭ তারিখের হামলার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “মানুষ সেটি ভুলে যাচ্ছে, অথচ সেই ঘটনার প্রভাব এখনও সমীকরণে খুব গুরুত্বপূর্ণ।”
এদিকে, ইসরাইলে চলমান জিম্মি বিনিময় চুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ নিয়েও তিনি মন্তব্য করেন। ট্রাম্পের মতে, তেল আবিবের এই বিক্ষোভ ইসরাইল সরকারের জন্য গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া আরও কঠিন করে তুলছে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
কীওয়ার্ডস: গাজা যুদ্ধবিরতি,হামাস আলোচনায় ট্রাম্প,ইসরায়েলি জিম্মি মুক্তি,গাজা ইসরায়েল সংঘাত,টাইমস অব ইসরায়েল