জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে ফের অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় গণঅধিকার পরিষদের ওপর সন্ত্রাসবিরোধী আইনে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছেন জাপার একাংশের মহাসচিব ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে কাকরাইলে দলের অফিসে হামলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।
তিনি বলেন, “গণঅধিকার পরিষদ আমাদের অফিসে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রম করেছে। আমরা মনে করি এ দলটির আর রাজনীতি করার অধিকার নেই। নির্বাচন কমিশনের উচিত এ দলকে ব্যান করা।”
অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে শামীম হায়দার জানান, আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার না করা হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। একই সঙ্গে তিনি এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধে তদন্ত চলছে। তিনি বলেন, “সরকার চেয়ে চেয়ে দেখছে, ফলে মবতন্ত্রের রাজত্ব চলছে, মানুষের জীবন ও সম্পত্তি হুমকির মুখে পড়েছে।”
এর আগে জাপার কার্যালয়ে আরও দুইবার হামলা হয়েছে। কিন্তু সেগুলোর সুষ্ঠু তদন্ত না হওয়ায় এ ধরনের ঘটনা বারবার ঘটছে বলে অভিযোগ করেন তিনি।
কীওয়ার্ডস: গণঅধিকার পরিষদ নিষেধাজ্ঞা,জাপা কার্যালয় হামলা,শামীম হায়দার পাটোয়ারী,সন্ত্রাসবিরোধী আইন বাংলাদেশ,জাতীয় পার্টি রাজনীতি