মেসির ভবিষ্যৎ অনিশ্চিত: ২০২৬ বিশ্বকাপে খেলবেন কি না এখনো সিদ্ধান্তহীন আর্জেন্টাইন তারকা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-০৯-০৫ ১০:৪৫:১৮
image

ভেনেজুয়েলার বিপক্ষে শেষ ঘরের মাঠের ম্যাচে আবেগ লুকোতে পারেননি লিওনেল মেসি। ম্যাচ শেষে তিনি এমন এক ইঙ্গিত দিলেন, যা সমর্থকদের হৃদয়ে নতুন প্রশ্ন জাগিয়েছে—আসন্ন ২০২৬ বিশ্বকাপে কি দেখা যাবে আর্জেন্টাইন কিংবদন্তিকে?
মেসি নিজেই জানিয়েছেন, এখনও সিদ্ধান্ত নেননি তিনি। সম্ভাবনা আছে, আবার নেইও। তার ভাষায়, “আগেও বলেছি, হয়তো আর কোনো বিশ্বকাপ খেলব না। বয়সের কারণে সেটাই স্বাভাবিক। তবে আমরা প্রায় পৌঁছে গেছি, তাই সম্ভাবনা আছে।”
৩৮ বছর বয়সী মেসির সবচেয়ে বড় বাধা এখন তার শরীর। ২০২২ বিশ্বকাপ জেতার পর থেকে ইনজুরির সমস্যায় ভুগছেন তিনি। পরিসংখ্যান বলছে, শেষ তিন বছরে ফিটনেসজনিত কারণে তাকে প্রায় ১৫০ দিন মাঠের বাইরে থাকতে হয়েছে, যেখানে আগের চক্রে তা ছিল মাত্র ৭৬ দিন।
তাই এখন প্রতিটি ম্যাচ ধরে এগোতে চান তিনি। মেসি বলেন, “আমি সবকিছু দিন ধরে দেখি। শরীর যখন ভালো থাকে, উপভোগ করি। কিন্তু খারাপ লাগলে মাঠে নামাটাই কষ্টকর হয়ে যায়। তাই দেখা যাক সামনে কী হয়।”
ফুটবল বিশ্বে সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা আর্জেন্টাইন এই সুপারস্টার ২০০৬ সালে মাত্র ১৮ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক করেন। ২০১৪ সালের ফাইনালে হারার বেদনা কাটিয়ে ২০২২ কাতার বিশ্বকাপে স্বপ্ন পূরণ করেন তিনি। এখন চোখ রাখছেন ধাপে ধাপে অগ্রগতির দিকে, তারপরই নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত—২০২৬ বিশ্বকাপে নামবেন কি না।

কীওয়ার্ডস: লিওনেল মেসি বিশ্বকাপ ২০২৬,মেসির অবসর সম্ভাবনা,আর্জেন্টিনা ফুটবল কিংবদন্তি,মেসির ইনজুরি সমস্যা,মেসির সিদ্ধান্ত ২০২৬