থাইল্যান্ডে বড় রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। দেশের প্রধান বিরোধী দল পিপলস পার্টি ফিউ থাই পার্টির প্রতিদ্বন্দ্বী ভুমজাইথাই পার্টিকে সমর্থন দেওয়ার ঘোষণা দেওয়ার পর সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই। বুধবার এ বিষয়ে আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ফিউ থাই পার্টি। এখন শুধু রাজার অনুমোদনের অপেক্ষা।
সম্প্রতি নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রাকে অপসারণ করে। এর পর থেকেই ক্ষমতাসীন ফিউ থাই পার্টি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে হিমশিম খাচ্ছিল। যদিও তারা জোট ধরে রাখার চেষ্টা করছিল, তবে পার্লামেন্টে যথেষ্ট সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়।
বিরোধী পিপলস পার্টির নেতা নাথাফং রুয়েংপানিয়াউত জানান, তাদের ১৪৩ জন আইনপ্রণেতা ভুমজাইথাই পার্টির নেতা আনুতিন চার্নভিরাকুলকে প্রধানমন্ত্রী হিসেবে সমর্থন দিতে সম্মত হয়েছেন। এই পরিস্থিতিতে সংসদ ভেঙে দেওয়া ছাড়া আর কোনো পথ খোলা ছিল না।
নাথাফং আরও জানান, সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তের ফলে আগামী চার মাসের মধ্যে থাইল্যান্ডে নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এছাড়া শুক্রবারের মধ্যেই নতুন প্রধানমন্ত্রীর জন্য সংসদে ভোট হতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
কীওয়ার্ডস : থাইল্যান্ড সংসদ ভাঙা ২০২৫,ফিউ থাই পার্টি রাজনৈতিক সংকট,পিপলস পার্টি ভুমজাইথাই সমর্থন,থাইল্যান্ড নতুন নির্বাচন,আনুতিন চার্নভিরাকুল প্রধানমন্ত্রী