বিদেশে চিকিৎসার নির্দেশ পেলেন নুরুল হক নূর, প্রধান উপদেষ্টার আশ্বাস

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০২ ১৯:৩৯:২২
image

গণঅধিকার পরিষদের সভাপতি এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম রাজনীতিবিদ নুরুল হক নূরের সুচিকিৎসার জন্য তাঁকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নূরের সহধর্মিণী মারিয়া আক্তার, সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।
সাক্ষাৎকালে নূরের শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে এবং তিনি চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। তাই তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে নেওয়া জরুরি।
এ সময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নূরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দেন। তিনি বলেন, *“এ ঘটনায় আমরা সবাই গভীরভাবে মর্মাহত। তাঁর চিকিৎসায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ঘটনার বিচার বিভাগীয় তদন্তও চলছে।”*
এ সময় উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান ও গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আইন উপদেষ্টা জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে, যা ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

কীওয়ার্ডস: নুরুল হক নূর চিকিৎসা,প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস,গণঅধিকার পরিষদ খবর,নূরের বিদেশে চিকিৎসা,নূরের তদন্ত কমিটি