দেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু,এক দিনে নতুন আক্রান্ত ৪৭৩

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০২ ১৯:২৯:৫০
image

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৭৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
সোমবার (২ সেপ্টেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ১১৩ জন, চট্টগ্রামে ৮১ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৬ জন, ঢাকা উত্তর সিটিতে ৫৩ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৩ জন, ময়মনসিংহে ১০ জন, রাজশাহীতে ৪৮ জন এবং সিলেটে ২ জন রয়েছেন।
একই সময়ে ৪৯১ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত মোট ৩০ হাজার ৮১৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে এ পর্যন্ত ৩২ হাজার ৫০১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ৭ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৩ শতাংশ নারী। এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১২৫ জন।

কীওয়ার্ডস: ডেঙ্গু আক্রান্ত,ডেঙ্গু মৃত্যু বাংলাদেশ,স্বাস্থ্য অধিদফতর,ডেঙ্গু পরিসংখ্যান,ডেঙ্গু ২০২৫