আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠনের ইঙ্গিত আইন উপদেষ্টা আসিফ নজরুলের

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০২ ১১:২৫:৪০
image

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ শিগগিরই গঠিত হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার (আজ) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভবন ও সংলগ্ন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সম্ভাবনার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, *“মানবতাবিরোধী অপরাধের বিচারকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। বিগত সরকারের হত্যা, গুম, নির্যাতনসহ সব অপরাধের বিচারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”*
আইন উপদেষ্টা জানান, ট্রাইব্যুনাল ভবনের পাশে টিনশেড ভবন খালি হলে নতুন ট্রাইব্যুনাল গঠন সম্ভব হবে। এতে গুমসহ অন্যান্য আন্তর্জাতিক অপরাধের বিচার আরও দ্রুত করা যাবে।
এ সময় গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্যান্য প্রসিকিউটর উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলন দমনে তৎকালীন সরকার ও তাদের অনুগত বাহিনীর বিরুদ্ধে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠে। বর্তমানে দুটি ট্রাইব্যুনালে এসব মামলার বিচার কার্যক্রম চলছে।

কীওয়ার্ডস: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩,আসিফ নজরুল সংবাদ,মানবতাবিরোধী অপরাধ বিচার,জুলাই গণঅভ্যুত্থান মামলা,ট্রাইব্যুনাল আপডেট বাংলাদেশ