বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তারেক রহমানের বার্তা: গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরী

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-০৯-০১ ১৩:১৭:৫০
image

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী, শুভানুধ্যায়ী ও দলের নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে রবিবার (৩১ আগস্ট) ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি সবসময় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে আসছে।
তারেক রহমান বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে বিএনপি প্রতিষ্ঠা করেন। জন্মলগ্ন থেকেই দলটি বহুদলীয় গণতন্ত্র, জনগণের অধিকার ও দেশের সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। তিনি উল্লেখ করেন, শহীদ জিয়া গণতন্ত্র পুনরুদ্ধার করে নাগরিক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন। পরবর্তীতে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি সাংবিধানিক সংস্কারের মাধ্যমে সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনে।
বিগত সময়ে বিএনপির সামাজিক ও অর্থনৈতিক নীতির কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প-বাণিজ্যসহ নারীর ক্ষমতায়ন ও প্রবাসী আয় বৃদ্ধিতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিএনপি। যার ফলে বাংলাদেশ দুর্ভিক্ষমুক্ত হয়ে অর্থনৈতিকভাবে শক্ত ভিত গড়ে তুলতে সক্ষম হয়।
তিনি আরও বলেন, গণতন্ত্র, সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠাই বিএনপির মূল লক্ষ্য। এজন্য প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। তিনি শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং আন্দোলনে নিহত নেতাকর্মীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, শহীদদের আত্মত্যাগ তখনই সার্থক হবে, যখন দেশে অবাধ নির্বাচন, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হবে।

কীওয়ার্ডস: বিএনপি ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী,তারেক রহমানের বার্তা,শহীদ জিয়াউর রহমানের আদর্শ,খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র,বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার