আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে দুই শতাধিক প্রাণহানি, কেঁপে উঠলো প্রতিবেশী দেশগুলোও

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-০৯-০১ ১১:৫৬:৫৩
image

আফগানিস্তানের পূর্বাঞ্চলে পাকিস্তান সীমান্তসংলগ্ন কুনার প্রদেশে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় রাত ১১টার দিকে সংঘটিত ৬ মাত্রার এ ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুনারের নোরগাল জেলা। এ পর্যন্ত সেখানে কমপক্ষে **৬২২ জন নিহত** এবং **১,৫০০ জনেরও বেশি আহত** হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হতাহতদের মধ্যে নারীর সংখ্যা বেশি। আহতদের নানগারহরের আঞ্চলিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে দুর্গম পার্বত্য এলাকায় সড়ক বন্ধ হয়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিলো জালালাবাদ শহরের ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে মাত্র ৮ কিলোমিটার গভীরে। মূল কম্পনের পর ৫.২ মাত্রার দুটি আফটারশকও অনুভূত হয়।
আফগান অন্তর্বর্তী সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে জানান, কয়েকটি প্রদেশে প্রাণহানি ও বড় ধরনের সম্পদের ক্ষতি হয়েছে। উদ্ধারকারীরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এবং আন্তর্জাতিক সহায়তার জন্য আহ্বান জানানো হয়েছে।
আফগানিস্তানের এই ভয়াবহ ভূমিকম্পের প্রভাব পাকিস্তান, ভারত ও তাজিকিস্তানের কিছু অংশেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।